কার্লিতোসে মুগ্ধ ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব শেখদের পকেটে ঝনঝন করে পেট্রোডলার। ‘টাকায় কী না হয়’ নীতিতে বিশ্বাসী তাঁরা। অন্তত ফুটবলে যেসব আরব ধনকুবের বিনিয়োগ করেছেন, তাঁদের চিন্তাভাবনা দেখলে তেমনটাই মনে হতে পারে অনেকের। সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ ডিয়েগো ম্যারাডোনার এই ভেবে খুব ভালো লাগছে, সেই আরব শেখদের তুর্কি নাচন নাচিয়েছেন তাঁরই প্রিয় শিষ্য কার্লোস তেভেজ।ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরই দ্রুত ক্লাবটির অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হয়ে যাওয়া তেভেজ এই মৌসুমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন। দলের কাছ থেকে তিনি দলবদলের আনুষ্ঠানিক অনুমতিপত্রও চেয়েছিলেন। কিন্তু দুই মৌসুম ধরে দলের শীর্ষ গোলদাতাকে হাতছাড়া করতে চায়নি সিটি। শোনা যায়, তেভেজের মন জোগাতে মালিকপক্ষ আরব শেখরা তাঁর বেতনের অঙ্কটাকে আকাশচুম্বী করে দিয়েছেন। একই সঙ্গে তেভেজ যাতে নিয়মিত তাঁর দুই মেয়ের সঙ্গে দেখা করতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে।ফুয়ের্তো অ্যাপাচির বস্তির এক ছেলে আজ তাঁর আঙুলের ইশারায়া বিশ্বের সবচেয়ে ধনীদের একজনকে এভাবে ‘নাচাচ্ছেন’, এতে ‘রবিনহুড’ চেতনায় বিশ্বাসী ম্যারাডোনা মজা তো পাবেনই। টিওয়াইসি স্পোর্ত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই কিংবদন্তি বলেছেন, ‘কার্লিতোস (তেভেজ) সত্যিই অসাধারণ। এই আরবদের সঙ্গে ও যা ইচ্ছে হয় সেটাই করেছে। ও ওদের বলেছে, “আমি বুয়েনস এইরেসে চলে যেতে চাই।” ওরা আকুতি জানিয়ে বলেছে, “না কার্লিতোস, থেকে যাও। আমরা তোমাকে আরও অনেক টাকা দেব।” আর ও এভাবে অনেক বেশি টাকাও পেয়েছে।’আরবদের প্রসঙ্গ এসেছে আরেকটি সূত্র ধরে। কদিন ধরেই ম্যারাডোনা বাতাসে একটা গুঞ্জন ছড়িয়ে রেখেছেন, ইংলিশ ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। সেই প্রস্তাব নিয়ে কথা বলতে আগামী মাসে ইংল্যান্ডে যাবেন। কোন ক্লাব, সেই নাম তিনি বলেননি। ফলে ফুলহাম, অ্যাস্টন ভিলা, ব্ল্যাকবার্ন রোভার্স...একের পর এক অনুমান চলছেই।গ্যালারিতে বসে ফুলহাম-সিটি ম্যাচটি দেখে ফুলহাম-সংশ্লিষ্ট গুঞ্জনটা বাড়িয়ে দিয়েছিলেন খোদ ম্যারাডোনাই। এখন ম্যারাডোনা জানালেন, এই ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন, ‘বিশ্বকাপের পরে আমার সঙ্গে অনেকগুলো ক্লাবই যোগাযোগ করেছে। যেমন ধরুন, আমাকে বলা হয়েছে, ফুলহাম আমার ব্যাপারে আগ্রহী। কিন্তু আমি ওদের সঙ্গে কথা বলতে রাজি হইনি।’কেন রাজি হননি সেই ব্যাখ্যায় ম্যারাডোনা বলেছেন, অন্যের চাকরি খেয়ে সেই আসনে বসার মানুষ তিনি নন, ‘ওই সময় ওদের দলে একজন কোচ ছিলই। জীবনে আমি শিখেছি, যদি সম্মান পেতে চান, আপনাকে সম্মান দিতেও শিখতে হবে। কোচ আছে এমন কোনো দলের সঙ্গেই তাই আমি আলাপ-আলোচনা করব না। এটা সত্য, আমি গত নভেম্বরে ফুলহাম-সিটি ম্যাচটি দেখতে গিয়েছিলাম। কিন্তু আমি মার্ক হিউজকে (ফুলহাম কোচ) নিজে থেকে আশ্বস্ত করে বলেছি, আমি এখানে কার্লিতোসের খেলা দেখতে এসেছি, তোমার কাছ থেকে চাকরি কেড়ে নিতে নয়।’এই খবর প্রকাশিত হওয়ার পর ফুলহাম অবশ্য তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, কোনো পর্যায়েই তারা ম্যারাডোনার সঙ্গে কোচিং নিয়ে আলোচনা করেনি। ওয়েবসাইট।