কার্লোস একের ভেতর তিন!
গত ফেব্রুয়ারিতে যোগ দিয়েছেন খেলোয়াড় হিসেবে। সেই ভূমিকা তো থাকছেই, আনঝি মাখাচকালার আরও বড় দায়িত্ব চেপেছে রবার্তো কার্লোসের কাঁধে। দীর্ঘদিনের কোচ গাদঝি গাদঝিয়েভকে বরখাস্ত করে তাঁরই সহকারী আন্দ্রেই গর্দেয়েভের সঙ্গে যৌথভাবে আনঝির প্রধান কোচ করা হয়েছে সাবেক ব্রাজিলিয়ান লেফটব্যাককে। রাশিয়ার ক্লাবটির সভাপতিও হয়ে যেতে পারেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। কার্লোসে মুগ্ধ ক্লাবটির নতুন মালিক সুলেমান কেরিমভই দিচ্ছেন সেই প্রতিশ্রুতি। বলেছেন, খেলা ছেড়ে দিলে কার্লোসকে ক্লাবের সভাপতি করা হবে। এটা অবশ্য ভবিষ্যতের ব্যাপার। তবে এখন দায়িত্ব পেয়েই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে বসে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।সেই পরিকল্পনার অংশ হিসেবেই বলছেন, এবার আনঝির চোখ পড়েছে দুই ইংলিশ মিডফিল্ডার স্টিফেন জেরার্ড ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দুই তারকার সঙ্গে নাকি যোগাযোগও শুরু করে দিয়েছে আনঝি। দাবিটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ গত আগস্টে আনঝি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের চুক্তিতে দলে নিয়েছে স্যামুয়েল ইতোকে। আর এ বছরই রুশ ধনকুবের কেরিমভ মালিকানা কেনার পর আনঝির কাছে টাকাকে কোনো সমস্যাই মনে হচ্ছে না! রয়টার্স, ওয়েবসাইট।