কার্লোসের বিশ্বকাপ আশা
ক্যারিয়ারের সেরা সময়টা যে পেরিয়ে গেছে, রবার্তো কার্লোসের চেয়ে বেশি কেউ তা সম্ভবত উপলব্ধি করতে পারেননি। ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট ব্যাক ইউরোপের কোনো ক্লাবে জায়গা না পেয়ে ফিরে গেছেন ব্রাজিলে। যোগ দিয়েছেন করিন্থিয়ানসে। তবে নতুন এই ক্লাব থেকেই ‘নতুন করে’ লড়াই শুরু করেছেন তিনি। কার্লোস দুঙ্গার বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লড়াই!হলুদ জার্সিতে সর্বশেষ কার্লোস খেলেছেন ২০০৬ সালে। এত দিন পর আবার কি জাতীয় দলে ডাক পাবেন তিনি? কেন নয়? আত্মবিশ্বাসী কার্লোস বলছেন, ‘আরও তিন-চার বছর ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে আমার।’ গ্লোবো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলে গেলেন, ‘আমি জাতীয় দলের খেলা দেখি। দুঙ্গা এখনো একজন লেফট ব্যাক খুঁজছেন। এ জায়গাটি নিয়ে ও অনেক পরীক্ষা-নিরীক্ষাও করেছে।’কথা ঠিক। সম্প্রতি লেফট ব্যাক পজিশনে আন্দ্রে সান্টোসের খেলা শুরুর আগে দুঙ্গা বেশ কয়েকজনকেই খেলিয়েছেন পরীক্ষামূলকভাবে।কার্লোস আবার ব্রাজিল দলে ফিরবেন কি না, সেটা পরের কথা, তবে তাঁর বিশ্বকাপে খেলতে চাওয়াটাই একটা চমক। কারণ গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারের পর ব্যাপক সমালোচনার মুখে খোদ কার্লোসই বলেছিলেন জাতীয় দলে আর খেলবেন না। ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচে তাঁর দুর্বলতার সুযোগেই অরক্ষিত থাকা থিয়েরি অঁরি গোল করেছিলেন। আরেকটি বিশ্বকাপ খেলতে চাওয়ার আগে সেই সমালোচনার কথা ভুলে যাননি কার্লোস, ‘এটা আমার জন্য ছিল হতাশার। কারণ দলে ২০ জন ফুটবলার থাকলেও ব্যর্থতার দায়ভার চাপানো হচ্ছিল শুধু আমার ওপর। ব্যাপারটা বিরক্তকর ছিল আমার কাছে। ইউরোপে আমি শ্রদ্ধা পেয়েছি। দেশেও শ্রদ্ধা পেতে চাই।’করিন্থিয়ানসে সঙ্গী হিসেবে কার্লোস পাচ্ছেন আরও একজনকে যাঁর লক্ষ্যও দুঙ্গার বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। তিনি রোনালদো। ওয়েবসাইট।