কার্লোসের সেই গোলটি হঠাৎ হয়নি
১৯৯৭ সালের কনফেডারেশনস কাপে ফ্রান্সের বিপক্ষে রবার্তো কার্লোসের সেই জাদুকরি ফ্রি-কিকের গোলটির কথা মনে আছে? ১৩ বছর পার হয়ে গেছে, তবু অনেকেই মনে রেখেছেন সেই অনন্য সাধারণ গোলটির কথা। কেউ কেউ কয়েক ধাপ এগিয়ে সেই গোলটিকে ফুটবলের সর্বকালের সেরা গোল হিসেবে আখ্যায়িত করে থাকেন। সর্বকালের সেরা না হলেও সেটিকে শতাব্দীর অন্যতম সেরা গোল তো বলা যেতেই পারে।আজ এত বছর পরও রাবার্তো কার্লোসের এ গোলটি নিয়ে চলছে বিস্তর গবেষণা। ডি-বক্সের ৪০ গজ দূর থেকে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁ-পায়ের শটে ফ্রান্সের গোলরক্ষক ফ্যাবিয়েন বার্থেজকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়েছিলেন কার্লোস। সেই ফ্রি-কিকের সময় বলটি এতটাই বাঁক খেয়েছিল যে গোলরক্ষক বার্থেজ নিজের জায়গা থেকে নড়ারই মওকা পাননি।ফুটবল বিশ্বে ওই জাদুকরি গোলটি নিয়ে রয়েছে অনেক মতবিরোধ। অনেকে তো বলেই ফেলেছিলেন, কার্লোসের সেই গোলটি হয়তোবা খুলে দেবে বিজ্ঞানের নতুন কোনো দ্বার। বেশির ভাগ মানুষই অবশ্য শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কার্লোসের করা সেই গোলটি ছিল একটি বিরাট ‘ফ্লুক’। এ সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট যুক্তি কিন্তু বিদ্যমান রয়েছে। কারণ ১৩ বছরে রবার্তো কার্লোস ফ্রি-কিক থেকে আরও অনেক গোল করলেও সেই গোলটির মতো দূরে থাক, তার কাছাকাছি মানেরও কোনো গোল করতে পারেননি।তবে আজ ১৩ বছর পর ফরাসি পদার্থবিজ্ঞানীদের একটি দল গবেষণা করে দেখিয়েছে, রবার্তো কার্লোসের সেই গোলটি কোনো ফ্লুক ছিল না, এমনকি সেই গোলটি বিজ্ঞানের নতুন কোনো অনাবিষ্কৃত তত্ত্ব অনুসরণ করেও হয়নি। পদার্থবিজ্ঞানের সাধারণ তত্ত্ব অনুযায়ীই রবার্তো কার্লোস করেছিলেন সেই গোলটি। ফরাসি পদার্থবিজ্ঞানীরা সেই গোলটির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ফ্রি-কিকের সময় বলের বাঁক পরীক্ষা করে একটি গাণিতিক সমীকরণ আবিষ্কার করেছেন। এই গাণিতিক সমীকরণ থেকে স্পষ্টতই বোঝা গেছে, রবার্তো কার্লোসের সেই ফ্রি-কিক অলৌকিক কিছু ছিল না। গোলটি ছিল সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে সংঘটিত দুর্দান্ত একটি গোল।ফরাসি পদার্থবিজ্ঞানীদের সেই দলটি জানিয়েছে, যেকোনো গোলাকার বস্তু (এ ক্ষেত্রে ফুটবল) যখন ঘূর্ণন-প্রক্রিয়ার মধ্যে থাকে, তখন এর পথপরিক্রমা হয় সর্পিলাকার। তারা আরও বলেছে, সর্পিল পথপরিক্রমায় বল যত সামনে যেতে থাকে, এর ঘূর্ণন তত বেড়ে যায়। রবার্তো কার্লোস সেদিন ফ্রি-কিকটি নিয়েছিলেন ৪০ গজ দূর থেকে এবং বেশ জোরে। কিকটি জোরে নেওয়ায় এবং দূরত্বের কারণে সাধারণ গোলাকার বস্তুর ধর্ম মেনেই বলটি বাঁক নিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে ঢোকে।রবার্তো কার্লোসের সেই ফ্রি-কিকটি ছিল ‘বুলেট শটের’ সার্থক প্রতিচ্ছবি। সেই শটটির এতটাই গতি ছিল যে গতির কারণে অভিকর্ষজ ত্বরণের মাত্রা কমে বলটি অনেক দূর যাওয়ার পথ তৈরি হয়ে গিয়েছিল সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়ম মেনেই।শট নেওয়ার স্থান থেকে গোলপোস্টের দূরত্বই ছিল মূলত সেই ঐতিহাসিক গোলের মূল অনুষঙ্গ। কয়েকজন বিজ্ঞানী বলেছেন, যদি কোনো কারণে ফ্রি-কিক নেওয়ার স্থান থেকে গোলপোস্টের দূরত্ব কম থাকত, তাহলে বিশ্বের ফুটবল-অনুরাগীরা একটি অসাধারণ গোল উপভোগ করা থেকে হয়তো বঞ্চিত হতো।—বিবিসি অনলাইন।