কাল আবার এল ক্লাসিকো
শনিবারের এল ক্লাসিকোর রেশ না কাটতেই আরেকটি এল ক্লাসিকো দুয়ারে হাজির। আগামীকালই মেস্তালা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার সরাসরি ট্রফির লড়াই, ‘কোপা ডেল রে’ অর্থাৎ স্প্যানিশ কিংস কাপের ফাইনাল।দুই দলের প্রস্তুতিতে, চিন্তা-চেতনায় স্বাভাবিকভাবেই ফিরে ফিরে আসছে শনিবারের লিগের এল ক্লাসিকোর স্মৃতি। আগের পাঁচটি এল ক্লাসিকো হারের কারণেই হয়তো এদিন রিয়াল মাদ্রিদ বেছে নেয় পাল্টা আক্রমণের পথ। বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়োল রিয়াল মাদ্রিদকে পাল্টা আক্রমণে যেতে দেখে মোটেই বিস্মিত নন। আরেকটি এল ক্লাসিকোর আগে রিয়ালকে ওই পথের যাত্রী দেখে বার্সেলোনা বরং খুশি। ‘পাল্টা আক্রমণে এগিয়ে যেতে চেয়েছিল তারা। আমরা জানি, অনেক দলই এভাবে খেলে। (রিয়াল) মাদ্রিদ এটা করতে চাইবে না কেন? প্রত্যেকে সেই কৌশলেই খেলবে যেটা তাদের জন্য যায়। আমাদেরও খেলার একটা দর্শন আছে এবং শেষ পর্যন্তও আমরা সেটাই মেনে চলব’—বলেছেন পুয়োল।চোটের কারণে জানুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন বার্সেলোনা অধিনায়ক। এই রাতে হঠাৎই একাদশে দেখা যায় তাঁকে। পুয়োল বলেছেন, ‘ফিরে আসার জন্য একেবারে ঠিক জায়গা ছিল এটি।’ ৫৮ মিনিট খেলে স্ট্রেচারে মাঠ ছাড়া পুয়োল আগামীকাল কিংস কাপের ফাইনালে খেলতে পারবেন কি না এখনো অনিশ্চিত।কিন্তু যার নিশ্চয়তা আছে খেলবেনই, সেই জাভি হার্নান্দেজ পুয়োলের চেয়েও এক ধাপ এগিয়ে। বার্সেলোনার মাঝমাঠের সেনানী বলছেন, বার্নাব্যুতে রাজত্ব করতে পেরে তারা খুশি। ১০ জনের দল হয়েও রিয়াল যে ওই ম্যাচে ঘুরে দাঁড়াল, তাতে কোনোভাবেই বাড়তি অনুপ্রেরণা তারা পাবে না বলেই মনে করেন জাভি, ‘কোনোভাবেই মাদ্রিদের মনোবল এতে বাড়তে পারে না। কারণ মাঠে আমরাই ছিলাম ভালো দল। আমরা স্টাইলে আস্থা রেখে খেলেছি। এই ম্যাচে আমরা এমন অনেক কিছুই পেয়েছি যা কাপ ফাইনালে আমাদের কাজে লাগবে। যদিও আমরা তিন পয়েন্ট পাইনি।’জাভি চিরশত্রুদের সত্যিকারের খোঁচাটা দিয়েছেন এরপরই, ‘মাদ্রিদ খেলতে চায়নি। স্রেফ লম্বা পাসে পাল্টা আক্রমণের ওপর নির্ভর করেছে। ম্যাচে আমাদেরই নিয়ন্ত্রণ ছিল। ধৈর্যের সঙ্গে খেলেছি এবং রক্ষণও সামলেছি দারুণভাবে। শুধু জয়টাই আমাদের ধরা দেয়নি।’ কিংস কাপের ফাইনাল নিয়ে তাঁর স্বপ্ন, ‘আমরা কাপ জিততে উদ্বুদ্ধ। বিশেষ করে ওই ম্যাচের পর। আরও বেশি কিছু আমাদের প্রাপ্য। ফুটবল সব সময়ই নতুন সুযোগের জোগান দেয়। যেমনটা আসবে বুধবার।’ এএফপি।