প্রতিযোগিতার সেরা ম্যাচটি সম্ভবত হতে যাচ্ছে কাল ৪ মার্চ। মিরপুরে বাংলাদেশ, নাকি ওয়েস্ট ইন্ডিজ—কার প্রতি ভাগ্যদেবী শেষ পর্যন্ত সহায় হবেন, তা এখনো ভবিষ্যতের গর্ভে। কিন্তু ম্যাচটি যে আমাদের সর্বোত্তম উত্তেজনাকর ও স্নায়ুক্ষয়ী হবে, সে বিষয়ে সন্দেহ নেই।ম্যাচের আগাম ফলাফল বলা যাবে না। তবে গ্যালারি থেকে কিছু বলতে চাই। প্রথমত, আয়ারল্যান্ডের সঙ্গে খেলার পিচটিতে বল গড়ানো যাবে না। ওটা একেবারে মৃত পিচ ছিল। প্রথম পাঁচ ওভারে তামিমের পেটানোর সময় যা একটু প্রাণ ছিল সেটাতে। তারপর পিচটি কোরামিন নেওয়া রোগীর মতো হয়ে পড়েছিল। সাকিবরা তাঁদের স্বাভাবিক ব্যাট করতে পারছিলেন না। জীবনে যেমন, খেলায়ও একই নৈতিকতা কাজ করে। সেটা হলো, নিজের পাতা ফাঁদে নিজেকে পা দিতে হয়। সেদিন বাংলাদেশ স্পিন-বন্ধু পিচ বানিয়ে নিজেরাই স্পিনে বধ হয়ে গিয়েছিল প্রায়। ১৯ বছরের ছেলে ডরকেল ১০ ওভার স্পিন করে মাত্র ২৩ রানে ২ উইকেট নিয়ে নিল। বরঞ্চ মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য যেন নষ্ট না হয়, সেভাবে পিচ বানানো দরকার। যে দলই টসে জিতবে আগে ব্যাটিং নেবে ধারণা করছি। বাংলাদেশের ভাগ্যে যদি আগে বোলিং পড়ে, তাহলে দক্ষিণ আফ্রিকার বোথার মতো রাজ্জাককে দিয়ে গেইলকে বধ করার কৌশল এখানে খাটানো ঠিক হবে না বলে আমার মনে হয়। কারণ রাজ্জাক বল একটু ওপর থেকে ছাড়েন। লেংথ থাকে ফাঁপানো। মাটিতে পড়ার সময় প্রায় হাফভলি হতে চায়। তাঁর বাঁহাতি অফ স্পিন ন্যাটা ব্যাটসম্যান গেইলের জন্য হবে লেগ স্পিন। লারা, গেইল ও ড্যারেন ব্রাভো—তাঁদের ব্যাট চালানোর মধ্যে একটা মিল হলো তাঁরা খুব জোরে প্রায় পা ছুঁয়ে মুহূর্তে মিড অনের দিকে ব্যাট ঘোরান। খুব জোরালো রিস্ট তাঁদের। রাজ্জাকের বল প্রায় সে জায়গায় ড্রপ খায় যেখানে ব্যাটে-বলে হলে ছক্কা। গেইলকে আটকানোর জন্য বরঞ্চ শফিউল এবং রুবেলের জোর গতির বল অফ স্টাম্পের ওপর রেখে করলে ভালো হবে। গেইল ব্যাট ঘোরানোর জায়গা পাবেন না। হুক বা পুল না করে কাট-শট খেলতে গেলে বা অফ ড্রাইভ খেললে স্কোয়ার পয়েন্টে ক্যাচ ওঠার সম্ভাবনা। ২০০৯ সালে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ গেইলকে ওইভাবে আউট করেছিল।বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজ দলেও বাঁহাতি খেলোয়াড়ের আধিক্য। আশরাফুলকে তাই বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। আশরাফুল সম্পর্কে শ্রীলঙ্কার সাঙ্গাকারা চট্টগ্রাম ক্লাবে একটা স্বল্পমেয়াদি আড্ডায় আমাদের নিজের মাথায় আঙুল দেখিয়ে বলেছিলেন, ‘ইফ হি ইউজেস হিজ হেড, হি উল বি আ ওয়ান্ডারফুল প্লেয়ার।’ আশা করি, আশরাফুল যদি একাদশে থাকেন, জাতিকে এবার নিরাশ করবেন না। সহজাত দক্ষতার সঙ্গে মস্তিষ্কের পাকামিও মেলাবেন।চট্টগ্রামে থাকার সময় প্রায়ই খেলোয়াড়-কোচ এবং আম্পায়ারদের সঙ্গে আলাপ করার সুযোগ মিলত চট্টগ্রাম ক্লাবে। তো, কয়েক বছর আগের কথা। ইংল্যান্ড খেলতে গেল চট্টগ্রামে। সন্ধ্যায় একটি নৈশভোজের আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চট্টগ্রাম ক্লাবের সুইমিংপুলে। নিমন্ত্রিত হয়ে সেখানে গেলাম। খেলোয়াড়দের সঙ্গে না বসে বসলাম আম্পায়ার স্টিভ বাকনার, আসাদ রউফ এবং ম্যাচ রেফারি ক্লাইভ লয়েডের সঙ্গে। প্রথমে একটা ছোট ডায়েরিতে আমার ছেলেদের জন্য তাঁদের সই নিয়ে নিলাম। বাকনার দেখলাম খুব রসিক। বারবার লয়েডকে খোঁচা মেরে আমাকে বলতে লাগলেন, ও তো দ্বীপ থেকে আসেনি। ও মেইন ল্যান্ড থেকে এসেছে। ক্রিকেটের কিচ্ছু বোঝে না। বাকনার জ্যামাইকার, আর লয়েড গায়ানার।লয়েডের বিরাট শরীর। শর্টস পরে বসেছেন ডেকোরেটরের চেয়ারে। চেয়ারটা অদৃশ্য। খুব কথা বলছেন না। মঞ্চের নাচ-গান দেখছেন। কিন্তু বাকনারের মজাগুলো উপভোগ করছিলেন। আমি বললাম, সোবার্সের আত্মজীবনীতে পড়েছি তিনি নাকি অনিদ্রায় ভুগতেন। এমনও হয়েছে, সারা রাত জেগে থেকে সকালে মাঠে গিয়ে শতক হাঁকিয়ে এসেছেন। লয়েড এতক্ষণে কথা বললেন। ‘হু, সে সত্য কথা বলেনি। রাতে না ঘুমিয়ে কী করত, সে কথাটা বলেনি।’ওয়াসিম আকরামের বাংলায় তর্জমা করা একটি জীবনীতে পড়েছিলাম, হানিফ মোহাম্মদের সময় পাকিস্তানি খেলোয়াড়দের বিদেশ সফরকালের নৈশজীবন ছিল নানা দুর্দম অভিযানে ভরা। তারপর বাকনারকে জিজ্ঞাসা করলাম, ‘টেস্টে যখন উইকেট পড়ে না, খেলা মন্থরগতিতে চলে ঘণ্টার পর ঘণ্টা, তখনো তো দেখি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো।’ হেসে বললেন, ‘ঠিকই বলেছ, তখন খুব খারাপ লাগে।’ফেরার পথে গেটের কাছে আশরাফুলকে আচমকা পেলাম। তখন আশরাফুল খারাপ খেলতে শুরু করেছেন। বললাম, ‘কী ব্যাপার, ফর্ম পড়ে যাচ্ছে মনে হয়।’ বললেন, ‘যেদিন ব্যাটে দু-একটা বল ঠিকমতো লাগে, বুঝতে পারি, সেদিন আমার খেলা হবে। যেদিন হবে না, সেদিন প্রথম থেকেই বুঝতে পারি।’ আশা করি, কালকে মাঠে নেমেই (যদি নামেন) আশরাফুল বুঝতে পারবেন যে তাঁর খেলা হবে।