কাল কলকাতায় আসছেন শাহরুখ-জুহি
আইপিএলের সপ্তম আসরের শিরোপা জিতেছে কলকাতার নাইট রাইডার্স (কেকেআর)। এটি তাদের দ্বিতীয় শিরোপা। শিরোপা পাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার দলকে এক সংবর্ধনা দেবে। সেই সংবর্ধনায় যোগ দিতে দলের মালিক শাহরুখ খান দলের সব খেলোয়াড়কে নিয়ে কলকাতায় আসছেন। সঙ্গে আসছেন বলিউড তারকা জুহি চাওলা।
আগামীকাল মঙ্গলবার বেলা একটায় কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে বিজয়ী কেকেআর ক্রিকেট দলকে সংবর্ধনা জানাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল রোববার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে শাহরুখ খানের কেকেআর বলিউড তারকা প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ২০১২ সালের আইপিএলেও চ্যাম্পিয়ন কলকাতা।
আজ সোমবার রাতেই শাহরুখ খান কলকাতায় পৌঁছাবেন বলে জানা গেছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী কেকেআরের খেলোয়াড়দের গলায় পরিয়ে দেবেন উত্তরীয়, হাতে তুলে দেবেন ক্রিকেট ব্যাট-বলের একটি স্মারক। সঙ্গে দেবেন আলফানসো আম এবং কলকাতার ঐতিহ্য নকুর অথবা বলরামের মিষ্টি।
কাল অবশ্য পাঞ্জাবের কৃতী খেলোয়াড় ঋদ্ধিমান সাহাকেও সংবর্ধিত করবে রাজ্য সরকার। কারণ, ঋদ্ধিমান যে বাংলারই ক্রিকেটার। ফাইনালে ৫৫ বলে ১১৫ রানে অপরাজিত ছিল ঋদ্ধিমান সাহা।