কাল গেছেন ১১ জন, ৪ জন যাবেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানের টিকিট পাওয়া যায়নি তিনটি, কিন্তু নিউজিল্যান্ড যাননি চারজন। কাল রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তবে যাননি মাশরাফি বিন মুর্তজা, শাহাদাত হোসেন, আফতাব আহমেদ ও মাহমুদউল্লাহ। প্রথম তিনজনের না যাওয়ার কারণ ওই টিকিট না পাওয়া, আর শেষের জন যাননি পরীক্ষার কারণে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন মাহমুদউল্লাহ, কাল তাঁর একটি পরীক্ষা ছিল। আজ একই সময়ের ফ্লাইটে ঢাকা ছাড়বেন এই চারজন।ড্যানিয়েল ভেট্টোরিদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও এক টেস্টের সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। ৩ ফেব্রুয়ারি একমাত্র টি-টোয়েন্টি হ্যামিল্টনে; ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে যথাক্রমে নেপিয়ার, ডানেডিন ও ক্রাইস্টচার্চে; আর ১৫ ফেব্রুয়ারি থেকে একমাত্র টেস্ট হ্যামিল্টনে। টি-টোয়েন্টি, প্রথম ও শেষ ওয়ানডে ম্যাচটি দিবারাত্রির।