কাল শুরু কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুবার ছোট পরিসরে হয়েছিল মহিলা ফুটবল লিগ। পৃষ্ঠপোষক কেএফসি ছিলই, ফিফার অনুদান যোগ হওয়ায় এবার মহিলা ফুটবল লিগের আয়োজনটা হচ্ছে বেশ বড়ই।আগামীকাল শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা সুপার লিগের প্রথম পর্ব। দেশের সাতটি ভেন্যু ঢাকা, নীলফামারী, জয়পুরহাট, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, কুষ্টিয়া ও খাগড়াছড়িতে হবে খেলা। ৩৪টি জেলা ফুটবল দলের সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার।প্রথম পর্বে সাতটি গ্রুপে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন আনসারকে নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। কুমিল্লা, মুন্সিগঞ্জ, মেহেরপুর ও কক্সবাজার অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে পরীক্ষা ও বন্যাকে কারণ দেখিয়ে।মহিলা ফুটবল লিগের জন্য বাফুফে ফিফার অনুদান পেয়েছে ৩৩ হাজার মার্কিন ডলার। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেএফসি দিচ্ছে আরও ১০ লাখ টাকা। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি দেওয়া হবে ৫০ হাজার টাকা, রানার্সআপ দল পাবে ৩০ হাজার। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেএফসির এরিয়া ম্যানেজার তানভির কায়সারসহ অন্যরা।