কাল শুরু জাতীয় আর্চারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় গত বছর জাতীয় আর্চারি আয়োজন করতে পারেনি ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়াম, পল্টন ও কমলাপুরে খেলার জন্য মাঠ চেয়েও পায়নি। শেষ পর্যন্ত আর্মি স্টেডিয়াম ঠিকানা হয়েছে তিরন্দাজদের। আগামীকাল থেকে এখানেই শুরু হচ্ছে উত্তরা ব্যাংক লিমিটেড পঞ্চম জাতীয় আর্চারি। এতে জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও সার্ভিসেস সংস্থাসহ দেশের মোট ৫১টি দল অংশ নিচ্ছে। রিকার্ভ, কম্পাউন্ড ও ব্যাম্বো বো ইভেন্টে খেলবেন ১৭৫ জন তিরন্দাজ।আর্চারির প্রধান পৃষ্ঠপোষক উত্তরা ব্যাংক। প্রতিষ্ঠানটি গত তিন বছরে প্রায় পৌনে দুই কোটি টাকা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। কিন্তু সারা বছরে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করলেও উল্লেখযোগ্য কোনো সাফল্য পাচ্ছেন না তিরন্দাজেরা। কাল সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন যেন প্রচ্ছন্ন সতর্কবার্তাই দিয়ে রাখলেন ফেডারেশনের কর্তাদের। বাংলাদেশ দলের সাফল্যের নিরিখেই হয়তো ভবিষ্যতে আর্চারির সঙ্গে থাকার কথা চিন্তা করা হবে। তিন দিনের এই জাতীয় প্রতিযোগিতার বাজেট ১০ লাখ ৭৫ হাজার টাকা হলেও খেলোয়াড়দের জন্য কোনো আর্থিক পুরস্কার বরাদ্দ নেই! বরাবরের মতো পদকই সম্বল হবে সাজ্জাদ হোসেন, ইমদাদুল হকদের।