কাল শুরু জাতীয় ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরও জাতীয় ব্যাডমিন্টনে অংশ নিয়ে প্রাপ্ত পয়েন্টের বিচারে দলটি রানার্সআপ হয়েছিল। কিন্তু ক্রীড়াঙ্গনে ক্রমেই ধুঁকতে থাকা বিমান এবার জাতীয় ব্যাডমিন্টনে অংশই নিচ্ছে না। সর্বাধিকবার চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী এই দলটিকে ছাড়াই পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ৩২তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ছয়টি বিভাগ, ৫৪টি জেলা, তিনটি শিক্ষাবোর্ড ও একটি সংস্থার ২৬২ জন শাটলার। খেলা হবে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতে। ফাইনাল ১৯ জানুয়ারি। এবারের প্রতিযোগিতায় বিমানের অংশ না নেওয়ার কারণটি জানা গেল দলটির ভারপ্রাপ্ত ব্যাডমিন্টন ম্যানেজার নূর ইসলামের মুখ থেকে, ‘ধীরে ধীরে ক্রীড়াঙ্গনে বিমানের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে—গত বছরই বোর্ড থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার দল গড়া হয়নি।’ তবে বিমান না থাকলেও প্রতিযোগিতায় থাকছেন দলটির হয়ে গতবার খেলা খেলোয়াড়েরা। তাঁরা খেলবেন বাংলাদেশ রেলওয়ের হয়ে। সন্তানসম্ভবা বলে শুধু কোর্টে দেখা যাবে না বিমানের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানাকে।প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক যোবায়েদুর রহমান (রানা)। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কিউবির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান ফিরোজ আহমেদসহ অন্যরা।