কাল শুরু পাইওনিয়ার ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ৮১টি ক্লাব নিয়ে আগামীকাল শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) পাঁচটি অঞ্চলের ১০টি ভেন্যুতে হবে খেলা। আঞ্চলিক পর্বের সেরা ২০টি দল চার ভাগে ভাগ হয়ে খেলবে সুপার লিগে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ম্যাচের দৈর্ঘ্য ৭০ থেকে বাড়িয়ে এবারই প্রথম ৯০ মিনিট করা হয়েছে। ম্যাচসেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা।এর আগে পাইওনিয়ার ফুটবল ছিল মহানগর লিগ কমিটির অধীনে। এবার দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের স্ট্যান্ডিং কমিটিকে। কমিটির চেয়ারম্যান আরিফ খান (জয়) দারুণ আশাবাদী, ‘লিগ আয়োজনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পেশাদারি বজায় রেখেছি। খেলোয়াড় বাছাই থেকে শুরু করে সব জায়গায় নিরপেক্ষতা দেখিয়েছি। আশা করি, এখান থেকে আগামী দিনের তারকা ফুটবলার তুলে আনতে পারব।’ প্রসঙ্গত, অতীতে এই পাইওনিয়ার লিগই প্রয়াত মোনেম মুন্না, মাসুদ রানা, আলফাজ, জুয়েল রানাদের মতো খেলোয়াড়দের তুলে এনেছে।