কাল শুরু মহিলা ফুটবল লিগ
অনেক বাধা-বিপত্তি এবং বিতর্ক এক পাশে রেখে আগামীকাল শুরু হচ্ছে দেশের প্রথম মহিলা ফুটবল লিগ।বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় লিগের আটটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ওয়ালটনের পৃষ্ঠপোষণায় খেলা হচ্ছে টুর্নামেন্টের ফরম্যাটে। ‘ক’ গ্রুপে শেখ জামাল, ওয়ারি, আরামবাগ, দিপালী যুবসংঘ। ‘খ’ গ্রুপে মোহামেডান, ব্রাদার্স, ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ। কাল বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচ খেলছে শেখ জামাল-দিপালী। আবাহনী শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছে পুলের কারণে ‘ভালো দল গড়া সম্ভব হয়নি’ যুক্তি দেখিয়ে।এই লিগ শুরুর উদ্যোগ ছিল বছর খানেক আগে থেকে। কিন্তু নানা সমস্যা, মহিলা ক্রীড়াঙ্গনের ‘রাজনীতি’, কোনো কোনো দলের টালবাহানা, মাঠের অভাব—ইত্যাদি কারণে দেরি হয়েছে। ফুটবলে পুলপ্রথা অনেক আগেই বিলুপ্ত হলেও ভালো মহিলা ফুটবলারের সংকট থাকায় পুল করেছে বাফুফের মহিলা ফুটবল কমিটি। তবে এই পুল নিয়ে বিতর্ক আছে। সর্বশেষ জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই পুল হওয়ার কথা। কিন্তু করা হয়েছে তা গত এসএ গেমসের পারফরম্যান্সের ভিত্তিতে। এর ফলে সুবিধা পেয়ে গেছে কোনো কোনো দল। এ নিয়েই যত অসন্তোষ এবং বিতর্ক।কাল সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা লিগ কমিটির প্রধান সিরাজুল ইসলাম (বাচ্চু) এসবের একটা ব্যাখ্যা দিলেন, ‘এসএ গেমসের পারফরম্যান্স ধরে আমরা ২২ জন খেলোয়াড় নিয়ে পুল করেছিলাম। কিন্তু লিগটা পিছিয়ে যাওয়ায় পরে এএফসি অনূর্ধ্ব-১৯, অলিম্পিক প্রাক-বাছাইয়ের পারফরম্যান্স দেখে আরও ৯ জনকে পুলে নিয়েছি। সবই আমরা নিয়মকানুন মেনে করেছি। কাউকে সুবিধা দিতে নয়। প্রতিটি দল নিতে পারছে ছয়জন খেলোয়াড়।’মহিলা লিগ কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তারের কণ্ঠে ছিল ক্ষোভ, ‘বাফুফের ভেতরে-বাইরে একটি মহল চেষ্টা করেছে মহিলা লিগটা যাতে না হয়। আমরা সব বাধা পেরিয়ে অবশেষে লিগটা মাঠে নামাচ্ছি।’ আর এতে সহযোগিতার হাত বাড়ানো ওয়ালটনের উপপরিচালক ইকবাল বিন আনোয়ার বলেছেন, ভবিষ্যতেও ফুটবলের সঙ্গে থাকবে তাঁর প্রতিষ্ঠান।