কারও জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথে বড় এক পদক্ষেপ। কারও জন্য আবার জীবনের প্রথম ও শেষ বড় মঞ্চ। অস্ট্রেলিয়ায় আগামীকাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ—বালক থেকে যুবা হয়ে ওঠার টুর্নামেন্ট!প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আনামুল হকের দল। পরশু একই সময় একই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ নামিবিয়ার বিপক্ষে, ১৬ আগস্ট।কুইন্সল্যান্ডের তিন শহর—ব্রিসবেন, টাউন্সভিল ও বাডেরিমে লড়বেন ১৬ দেশের ২৪০ ক্রিকেটার। তাঁদের সবার জন্যই এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত জীবনের সবচেয়ে বড় মঞ্চ। তবে অনেকে যেমন এখান থেকে খুঁজবেন আরও বড় মঞ্চের দিশা, অনেকের জন্য এটাই বিশ্বমঞ্চের প্রথম ও শেষ স্বাদ। টেস্ট খেলুড়ে ও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে খেলা দেশের ক্রিকেটারদের জন্য এটা নিজেকে চেনানোর উপযুক্ত মঞ্চ। এসব দেশের ক্রিকেট-কর্তারা আবার জহুরির চোখ নিয়ে তাকিয়ে থাকবেন ভবিষ্যৎ তারকার বীজ খুঁজে পেতে। নেপাল বা পাপুয়া নিউগিনির মতো দেশের ক্রিকেটারদের আবার স্বপ্ন দেখার আকাশটাই ছোট। এমন বিশ্বমঞ্চে আর খেলা হবে না প্রায় নিশ্চিত।অচেনা সব তারার লড়াই বলেই এখানে কোনো দলকে ফেবারিট বলা মুশকিল। ফেবারিট কে, খোঁজাটাও খুব জরুরি নয়। এখানে লড়াই তো স্রেফ ট্রফির নয়! শিরোপার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরং ক্রিকেটার ও মানুষ হিসেবে নিজেকে আরও পরিণত ও সমৃদ্ধ করা। বিশ্বজুড়ে সমান বয়সীদের সঙ্গে নিজের মানটা যাচাই করা যায়, বড় মঞ্চে টেম্পারামেন্টের প্রথম পাঠটাও হয়ে যায়। আবার শৃঙ্খলা, মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, দায়িত্ববোধ—সব মিলিয়ে জীবনবোধ শিক্ষার বড় এক পাঠশালাও এই টুর্নামেন্ট।বছর দুয়েকের মধ্যে এই তরুণদের অনেকেই হয়তো ছেড়ে দেবেন ক্রিকেট, অনেকে থাকবেন আন্তর্জাতিক আঙিনায় ঢোকার লড়াইয়ে, কেউ কেউ কড়া নাড়বেন জাতীয় দলের দরজায়। অনেকেই আবার হয়তো এই অস্ট্রেলিয়াতেই ফিরবেন ২০১৫ সালে, বড়দের বিশ্বকাপে! ওয়েবসাইট।