কালই প্রতীক্ষার এল ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাদে কাল ‘এল ক্লাসিকো’। আপনি নিশ্চয়ই রোমাঞ্চিত? প্রতীক্ষার প্রহর গুনছেন। গোনাই স্বাভাবিক। খোদ হোসে মরিনহোই তো উন্মুখ হয়ে তাকিয়ে থাকেন এই ম্যাচের দিকে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ সত্যি কথাটাই বলেছেন, এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্বই, ‘যখন মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হয়, গোটা বিশ্বই থমকে দাঁড়ায়। এটা এমন একটা ম্যাচ, যেটি খেলতে আমরা ভালোবাসি। শুধু আমরা কেন, আমি নিশ্চিত, ওরাও আমাদের মুখোমুখি হতে ভালোবাসে। এই দিক দিয়ে এটা সাধারণ লিগ ম্যাচের চেয়ে বেশি কিছু।’লিগের প্রথম এল ক্লাসিকো, তার পরও এখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ম্যাচটি। বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধানের কারণে। রিয়াল ভালো করেই জানে, এই ম্যাচ হারলে বার্সার সঙ্গে তাদের ব্যবধান হয়ে যাবে ১১। হয়তো লিগের শিরোপাই একরকম নির্ধারণ সপ্তম রাউন্ডের ম্যাচ।ভেতরে ভেতরে যা-ই থাক, মরিনহো এমনিতে দাবি করলেন, এতটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে এটিকে নিচ্ছেন না, ‘আমাদের আসল লক্ষ্য লিগ শিরোপা জেতা। শেষ পর্যন্ত আমাদের কাছে মাত্র ৩ পয়েন্টেরই একটা ম্যাচ।’এবারের মৌসুমের উদ্বোধন হয়েছে এল ক্লাসিকো দিয়ে। গতবার রিয়াল লিগ আর বার্সা কাপ জিতেছিল। দুই প্রতিযোগিতার দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হয় সুপার কাপে। ওটা জিতেছে রিয়াল। শুধু তা-ই নয়, লিগে সর্বশেষ মুখোমুখি ম্যাচটিও জিতেছিল রিয়াল, তা-ও বার্সেলোনার মাঠে এসে। এবারও ন্যু ক্যাম্পেই খেলা। রিয়াল কি এগিয়ে থাকবে মানসিকভাবে?বাজেভাবে মৌসুমের শুরু করলেও টানা তিনটি বড় জয় দিয়ে রিয়াল ফিরেছে স্বরূপে। রায়ো ভায়োকানো, দেপোর্তিভো লা করুনিয়া আর আয়াক্সের সঙ্গে জেতাটাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলছেন মরিনহো, ‘এই তিনটি ম্যাচ টানা জেতা আমাদের লক্ষ্য ও আত্মবিশ্বাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। (আয়াক্সের বিপক্ষে) দলের মনোযোগ ছিল কেন্দ্রীভূত। খেলোয়াড়েরা ব্যক্তিগত কিছু দুর্দান্ত মুভমেন্ট দেখিয়েছে, দল হিসেবেও দারুণ খেলেছি আমরা। দারুণ একটি ম্যাচ খেলেছি, এই ধারা আমরা ধরে রাখতে চাই।’এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১১ গোল দিয়েছে রিয়াল, যার সাতটিই ক্রিস্টিয়ানো রোনালদোর। গত দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ উইঙ্গার। ৭৩ মিনিটে তাঁর দেওয়া গোলেই লিগের সর্বশেষ ম্যাচটি রিয়াল জিতে নিয়েছিল ২-১ গোলে। আগামীকালও রোনালদোই হয়ে উঠতে পারেন ম্যাচের নিয়ন্তা। পর্তুগিজ তারকার কথা শুনেও মনে হচ্ছে, এল ক্লাসিকোর জন্যই নিজেকে শাণিয়ে রাখছেন, ‘আমরা যেভাবে খেলছি তাতে আমি খুবই খুশি। আয়াক্সের বিপক্ষে জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। নিজের আত্মবিশ্বাসের জন্যও তিনটা গোল অনেক গুরুত্বপূর্ণ। ক্যাম্প ন্যু অনেক কঠিন একটা স্টেডিয়াম। তবে নিজেদের ওপর আমাদের এই আস্থা আছে, আমরা ভালো ফল নিয়েই ফিরতে পারব।’ এএফপি, ওয়েবসাইট।