কালই ফিরছেন মেসি?

লিওনেল মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের ১০ নভেম্বর, রিয়াল বেটিসের বিপক্ষে। সে ম্যাচে বার্সেলোনা জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর পেরিয়েছে ৫৮ দিন। হ্যামস্ট্রিং ইনজুরির ফাঁড়ায় পড়ে মেসি মাঠে নামতে পারেননি প্রায় দুমাস। মেসি-ভক্তদের সুখবর, ইনজুরি-অধ্যায় আপাতত শেষ করে বুধবার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠেয় কোপা ডেল রেতে গেটাফের বিপক্ষে মাঠে নামতে পারেন চারবারের ফিফা বর্ষসেরা।
মেসির স্কোয়াডে ফেরা প্রসঙ্গে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ জেরার্ডো মার্টিনো বলেন, ‘লিও ভালো বোধ করছে। কোনো রকম সমস্যা ছাড়াই অনুশীলন করেছে। খেলার জন্য ও প্রস্তুত। ও ফিরে আসায় সবাই খুশি। বুধবারই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ম্যাচে শুরু থেকেই সে খেলবে, নাকি বেঞ্চ থেকে শুরু করবে।’
বার্সায় ফেরার পরও এলচের বিপক্ষে মেসিকে না খেলানোর বিষয়টিও পরিষ্কার করেছেন কাতালান কোচ, ‘এলচের বিপক্ষে স্বাভাবিকভাবে খেলাটা ওর জন্য চাপ ছিল। এখনকার পার্থক্য হচ্ছে, দলের সঙ্গে ও অনেকগুলো অনুশীলন সেশন করেছে।’