দেশের ক্রীড়া সাংবাদিকদের অবস্থা এখন টেনিসের চেয়ার আম্পায়ারদের মতো। টেনিসের আম্পায়ারদের যেমন উঁচু চেয়ারে বসে একবার এই কোর্টে আরেকবার ওই কোর্টে তাকাতে হয়, ক্রীড়া সাংবাদিকেরাও এখন একবার তাকাচ্ছেন সাবের হোসেন চৌধুরীর দিকে, তো পরক্ষণেই নাজমুল হাসানের দিকে।
বিসিবির নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে সাবেক ও বর্তমান বোর্ড সভাপতি বেশ কিছুদিন ধরেই মুখোমুখি অবস্থানে। আজ নাজমুল কিছু বলছেন তো কাল সাবের সেটার জবাব দিচ্ছেন। তার পরদিন হয়তো আবারও পাল্টা কিছু বলছেন নাজমুল। এই ধারাবাহিকতায় কাল ছিল সাবের হোসেন চৌধুরীর পর্ব। এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো নিজের পরিবাগের বাসায় সংবাদ সম্মেলন ডেকে বিসিবির গঠনতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বললেন তিনি। মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে নাজমুল হাসানের সম্মতি জানানোকেও জানিয়েছেন স্বাগত।
তবে ‘সম্মুখ সমরে’র তারিখটা নাজমুল হাসান এখনো সুনির্দিষ্ট করে দিচ্ছেন না বলে কিছুটা হতাশ মনে হলো সাবের হোসেন চৌধুরীকে, ‘উনি (নাজমুল হাসান) বলেছেন যেকোনো জায়গায়, যেকোনো তারিখে বসতে রাজি আছেন। কিন্তু উনি কোনো তারিখ বলছেন না। আশা করছি কোথায়, কবে আমরা কথা বলব, সেটা যত দ্রুত সম্ভব জানা যাবে।’ তা তারিখ তো সাবের হোসেন চৌধুরী নিজেও দিতে পারেন! সে প্রসঙ্গ উঠতে একটা তারিখ দিয়েও দিলেন, ‘আমি ৭ তারিখে (আগামীকাল) বসতে পারি। তবে উনি যদি ৭ তারিখে না বসে কালকেও (আজ) বসতে চান, আমার কোনো আপত্তি নেই।’
সাবেক ও বর্তমান বোর্ড সভাপতির ‘সম্মুখ সমর’ আয়োজনে আগ্রহী অনেকেই। সাবের হোসেনই বলছিলেন, ‘বেশ কয়েকটা জায়গা থেকে প্রস্তাব এসেছে। কয়েকটা টিভি চ্যানেল এটা করতে চায়। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাও (বিএসজেএ) আগ্রহ দেখিয়েছে। অনুষ্ঠানের যাবতীয় খরচ তারা বহন করবে বলে জানিয়েছে।’ এর মধ্যে বিএসজেএর প্রস্তাবটাকেই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে সাবেক বোর্ড সভাপতির কাছে, ‘একটা টিভি এটা করলে হয়তো অন্যরা সেটা পাবে না। বরং বিএসজেএ আয়োজন করলে সব মিডিয়ার জন্য ব্যাপারটা উন্মুক্ত থাকবে। আমার জানামতে বিএসজেএর পক্ষ থেকে আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে, সে রকম চিঠি পাপন সাহেবকেও (নাজমুল হোসেন) দেওয়া হয়েছে। কিন্তু তিনি নাকি এখনো কোনো তারিখ জানাননি।’
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোতে এখনো কাউন্সিলর চেয়ে বিজ্ঞপ্তি না পাঠানোয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন সাবের হোসেন চৌধুরী। বিভিন্ন ক্লাব নাকি অভিযোগ করেছে, আগের প্রক্রিয়া বাদ দিয়ে নতুন ধরনের বিশেষ ফর্মে ক্লাব থেকে সই নেওয়া হচ্ছে। ‘এটা গুরুতর অনিয়ম। এতে স্বচ্ছতার ঘাটতি থাকছে’—অভিযোগ সাবেরের। এখনো নির্বাচন কমিশন গঠন না হওয়াটাও তাঁর উদ্বেগের একটা কারণ।
যত দ্রুত সম্ভব বিসিবির নির্বাচন চান সাবের হোসেন চৌধুরী এবং কথাটা তিনি বলে আসছেন অনেক দিন থেকেই। আদালতও উন্মুক্ত করে দিয়েছেন সে দরজা। কিন্তু আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে গঠনতন্ত্রে ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নির্বাচন বা নির্বাচিত বোর্ডের কোনো বৈধতা থাকবে না, তড়িঘড়ি করে এমন নির্বাচন করার দরকার কী, সেটাও বুঝতে পারছেন না সাবেক সভাপতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন নির্বাচনকে তাঁর কাছে মনে হচ্ছে ‘ঝুঁকিপূর্ণ’। যেকোনো পরিস্থিতিতে নির্বাচন করতে প্রস্তুত জানালেও সাবের চান টেকসই নির্বাচন, ‘পূর্ণাঙ্গ রায় আসার পর নির্বাচন হলে সেটাই হবে উত্তম। নির্বাচনটা তখন টেকসই হবে।’