কালই মাঠে নামতে পারেন মাশরাফি
অবশেষে অবসান হচ্ছে অপেক্ষার। বিকেএসপিতে বিমানের হয়ে গাজী ট্যাংকের বিপক্ষে আগামীকাল প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচেই হয়তো মাঠে নামছেন মাশরাফি বিন মুর্তজা। কোনো কারণে কাল নামতে না পারলেও ২৪ জানুয়ারি মোহামেডানের বিপক্ষে নিশ্চিতভাবেই খেলবেন তিনি।মাশরাফি জানিয়েছেন, জাতীয় দলের ফিজিও বিভব সিং ও ট্রেনার গ্রান্ট লুডেন শর্ত সাপেক্ষে ম্যাচ খেলার অনুমতি দিয়েছেন তাঁকে। ‘ফিজিও, ট্রেনারের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়ে গেছি। ফিজিও বলেছেন, প্রথম ম্যাচে যেন বল না করি। তবে ব্যাটিং এবং ৫০ ওভার ফিল্ডিং করতে পারব। দ্বিতীয় ম্যাচে হয়তো ৪-৫ ওভার বোলিংও করব। এভাবে আস্তে আস্তে এগোব।’ বলেছেন মাশরাফি।গত ১১ মে অস্ট্রেলিয়ায় গিয়ে হাঁটুর অস্ত্রোপচার করান মাশরাফি। মাঠের বাইরে এর পর থেকেই। গত ডিসেম্বরে পাকিস্তান সিরিজ চলাকালীন অনুশীলনে বোলিং শুরু করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।মাশরাফির খেলার ব্যাপারে শেষ যা একটু সংশয় ছিল, সেটা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। ইনজুরি-মুক্ত থাকতে অ্যাকশনে সামান্য কিছু পরিবর্তন আনতে বলেছেন বোলিং কোচ শেন ইয়ুর্গেনসন। বর্তমানে তিনি ছুটিতে অস্ট্রেলিয়ায় থাকলেও নিয়মিত দেখছেন মাশরাফির বোলিং ফুটেজ। মাশরাফিই জানিয়েছেন, ‘প্রতিদিন অনুশীলনে যে বোলিংটা করি, ফিজিও সেটার ভিডিও ফুটেজ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন বোলিং কোচের কাছে। শুরুতে মানিয়ে নিতে কিছু সমস্যা হলেও সর্বশেষ ফুটেজ দেখে কোচও সন্তুষ্ট।’এ অবস্থায় মাশরাফির মাঠে নামাটা নির্ভর করছে তাঁর দল বিমানের ওপর। ফিজিওর নির্দেশনা মেনে মাশরাফিকে খেলার সুযোগ দেবে কি না দলটা, সেটাই এখন প্রশ্ন। বিমানের অধিনায়ক সানোয়ার হোসেন অবশ্য আশার বাণীই শুনিয়েছেন, ‘২০ জানুয়ারির ম্যাচে মাশরাফির খেলার সম্ভাবনা আছে। তবে কাল (আজ) কোচের সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ বিমানের পাকিস্তানি খেলোয়াড় ফয়সাল ইকবাল চলে গেছেন। ভিসা জটিলতায় এখনো আসতে পারেনি তাঁর বদলি খেলোয়াড়। কালকের ম্যাচে মাশরাফির খেলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে সে কারণেই।কয়েক দফা বিরতি দিয়ে কাল থেকে আবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। সর্বশেষ ফিকশ্চার অনুযায়ী লিগ টানা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা।