কালই মাদ্রিদের উৎসবের দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকালই কি রিয়াল মাদ্রিদের শিরোপাতৃষ্ণা মেটানোর দিন? নিজেদের ট্রফির ভান্ডারে আরেকটি ট্রফির জায়গা নিশ্চিত করার দিন? সর্বশেষ তিন মৌসুমে এই ভান্ডারে যোগ হয়েছে মাত্র একটি ট্রফি, সেটাও কোপা ডেল রে। ব্যর্থতার যন্ত্রণা আরও তীব্র হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ট্রফির পর ট্রফি জিততে দেখে। অবশেষে সেই ক্ষত কিছুটি হলেও উপশমের সুযোগ আসছে। কাল অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত। তিন মৌসুম পর লা লিগা ফিরে পাবে রিয়াল মাদ্রিদ। আবারও সিবেলেস ফাউন্টেনে দেখা যাবে মাদ্রিদ সমর্থকদের চিরচেনা উদ্যাপন!কাল বিলবাওয়ের মাঠ স্যান ম্যামেসে খেলা হলেও নিজেদের নিশ্চয়ই আরও অপেক্ষায় রাখতে চাইবে না রিয়াল। এল ক্লাসিকো জয়ের পর পরশু সেভিয়াকে হারিয়ে শিরোপার আরেক ধাপে কাছে গেছে হোসে মরিনহোর শিষ্যরা। পরশু বার্সা হারলেই নিশ্চিত হয়ে যেত শিরোপা। সেটা হয়নি, তবে আজ আর অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না। পয়েন্টের ব্যবধান ৭, আজকের পর বাকি থাকবে দুই ম্যাচ। ওই ব্যবধান তাই আর ঘোচানো সম্ভব হবে না। কাল বিলবাওয়ের বিপক্ষে অবশ্য চ্যাম্পিয়ন হিসেবেও মাঠে নামতে পারে রিয়াল। রিয়ালের আগেই ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে খেলবে বার্সা। ওই ম্যাচে বার্সা হারলেই চ্যাম্পিয়ন রিয়াল!রিয়ালে শিরোপা জয়ের উৎসবে নিশ্চিতভাবেই বড় রং চড়াবে পেপ গার্দিওলার বার্সা ছাড়ার খবর। ২০০৮ সালে গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকেই বার্সার ছায়ায় ঢাকা পড়ে গেছে রিয়াল। ১৩টি ট্রফি এনে দেওয়া কোচের বিদায়ে কিছুটা হলেও তো অনিশ্চয়তার দোলাচলে পড়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বীরা। অন্যদিকে মরিনহো অকপটে জানিয়ে দিয়েছেন, ক্লাব চাইলে বার্নাব্যুতেই থেকে যাবেন। গত মৌসুমে মরিনহো দায়িত্ব নেওয়ার পর বার্সার অপ্রতিরোধ্য যাত্রার মাঝেই একটি ট্রফি ঘরে তুলতে পেরেছিল রিয়াল—কোপা ডেল রে। এবার লিগ শিরোপাও আসছে। বার্সার ছায়া থেকে বের হওয়া, গার্দিওলার বিদায় আর মরিনহোর থেকে যাওয়া মাদ্রিদ সমর্থকদের উৎসবকে দেবে পূর্ণতা।বিলবাওকে হারানো অবশ্য সহজ হবে না। লা লিগায় সাত নম্বরে আছে দলটি, উঠেছে ইউরোপা কাপের ফাইনালে। তবে শিরোপার গন্ধে রিয়াল নিশ্চয়ই ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে। জিতে গেলে লা লিগা জয়ের রেকর্ডটাকে বাড়িয়ে ৩২ করবে রিয়াল। আছে আরও রেকর্ডের হাতছানি। রিয়ালের পয়েন্ট এখন ৯১, পরের তিনটি ম্যাচ জিতলেই লা লিগা ইতিহাসের প্রথম দল হিসেবে ছুঁয়ে ফেলবে পয়েন্টের সেঞ্চুরি। হয়ে যাবে এক মৌসুমে সবচেয়ে বেশি ৩২ জয়ের রেকর্ড। এখন বার্সার সঙ্গে রেকর্ডটি যৌথভাবে রিয়ালের, ২০০৯-১০ মৌসুমেই দুই দল জিতেছিল ৩১টি করে ম্যাচ। আর ব্যক্তিগত লড়াই তো আছেই। পিচিচি ট্রফি, ইউরোপিয়ান গোল্ডেন শু নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মহারণের মীমাংসাও হবে সামনের এই তিন ম্যাচে। তবে সবকিছুর আগে কালকের দিনটির জন্য অপেক্ষা রিয়ালের! রয়টার্স, ওয়েবসাইট।