কালই সিরিজ জিততে চায় বাংলাদেশ

—মনে আছে, ‘বাংলাওয়াশ’ করা সিরিজের প্রথম ম্যাচটাও কিন্তু ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতেছিলেন...
মুশফিকুর রহিম: তাই নাকি! মনে ছিল না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।
—ভাগ্যে বিশ্বাস করেন না? সেবার প্রথম ম্যাচটা ওভাবে জিতে সিরিজ জিতেছিলেন। এবারও তো একইভাবে শুরু...
মুশফিক: ভাবলে ভাবা যায় এভাবে। তবে যেভাবে বৃষ্টি এসেছিল, আমরা তো ভেবেছিলাম সমস্যাই হবে। বল ধরতে, গ্রিপ করতে সমস্যা হবে। বৃষ্টিটা না বিপক্ষেই যায়। পরে আবার মনে হলো, কম ওভার হলে পরে যারা ব্যাট করে, তাদের জন্য টার্গেটটা অনেক সময় বেশি হয়ে যায়...।
সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফিরতে ফিরতে মুশফিকের সঙ্গে হচ্ছিল কথোপকথনটা। তবে শেষ পর্যন্ত অধিনায়কের শঙ্কাটা ভুলই প্রমাণিত হয়েছে। বৃষ্টিটা অভিশাপ নয়, বাংলাদেশ দলের জন্য এসেছিল আশীর্বাদ হয়ে।
তবে শুধু বৃষ্টিকে কৃতিত্ব দিলে হবে না। মুশফিক-নাঈমের অমন ব্যাটিং বা রুবেল হোসেনের হ্যাটট্রিক বৃষ্টির চেয়েও বড় অনুঘটক বাংলাদেশের ৪৩ রানের জয়ে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবশ্য মুশফিক রুবেলেরই প্রশংসা করলেন বেশি, ‘টেস্টেও ও অসাধারণ বল করেছে। উইকেট না পেলেও আমার মনে হয়, ও-ই একমাত্র পেস বোলার, যে ধারাবাহিকভাবে ভালো বল করেছে। যে রকম বল করছে, এটা ওর প্রাপ্য ছিল।’
বাংলাদেশের উইকেটে পেসারদের বুনো উল্লাস কমই দেখা যায়। এখানে বোলিং-সাফল্য মানে স্পিনারদের ঘূর্ণি জাদু। অথচ সেই উইকেটে রুবেল কী অসাধারণ বোলিংই না করলেন! অধিনায়কের ভাষায়, এমন বোলিংয়ের সবটুকু কৃতিত্বের দাবিদার একা রুবেল, ‘প্রিমিয়ার লিগের বোলিংয়েও সে অনেক উন্নতি করেছে। বেশির ভাগ ম্যাচে ইকোনমি রেট ছিল ৩ বা ৩.৫। ভালো জায়গায় বল করতে শিখেছে। আজ (গতকাল) একটা বলেও আমি বলিনি, এটা করতে হবে বা ওটা করতে হবে। ও নিজের বুদ্ধিতেই সব করেছে।’
বাংলাদেশ দলে পারফরমার বাড়ার স্লোগান বেশ কিছুদিন ধরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও পাওয়া গেছে এর প্রমাণ। পাওয়া গেল প্রথম ওয়ানডেতেও। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন ডেঙ্গুজ্বরে কাতরাচ্ছেন, মিরপুরে তখন জয়োল্লাস করছেন তাঁর সতীর্থরা! তবে সাকিবের অভাব এমন আনন্দের রাতেও অনুভব করেছেন মুশফিক, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সাকিবকে ছাড়াই খেলেছিলাম। তবে আমার বিশ্বাস, ওকে পেলে হয়তো আমরা পাঁচটা ম্যাচই জিততে পারতাম। আমরা জিতি বা হারি, ওর মতো খেলোয়াড়কে
সব সময়ই মিস করি। আশা করব, সাকিব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’
ওয়ানডেতে কাল দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইনটিতে আউট হলেন মুশফিক। তবে ম্যাচ জয়ের পর ভুলে গেছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশা, ‘আমার আফসোস নেই। কারণ, দল জিতে গেছে। তবে শেষ কবে ফিফটি করেছি, নিজেও ভুলে গিয়েছিলাম। আজ (গতকাল) সুযোগ পেলে ফিফটি করার ইচ্ছা ছিল। সেঞ্চুরি পেলে আরও ভালো লাগত। তবে সেটা হলেও আমরা ম্যাচটা হেরে যেতে পারতাম। কাজেই ম্যাচ জেতাতেই বেশি খুশি আমি।’
জয় দিয়ে শুরু সিরিজে এখন আর পেছনে পড়তে চান না বাংলাদেশ অধিনায়ক। তিন ম্যাচের সিরিজ হলেও সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চান আগামীকালের দ্বিতীয় ওয়ানডেতেই। সংবাদ সম্মেলনে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বললেন, ‘সব ম্যাচই জেতার জন্য খেলব। আশা করব, তৃতীয় ওয়ানডে পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। তার আগেই সিরিজ জিততে চাই।’
মুশফিকের মুখে ফুলচন্দন পড়ুক। জেগে থাকুক আরেকটি ‘বাংলাওয়াশ’-এর স্বপ্ন।