কালও ঘোষিত হয়নি দ্বিতীয় টেস্টের দল
চট্টগ্রাম থেকে দুই দলই কাল ঢাকায় চলে এসেছে। দ্বিতীয় টেস্টের জন্য আজ এই দুই দলই অনুশীলন করবে শেরেবাংলা স্টেডিয়ামে। তবে ঢাকা টেস্টের দুই দিন আগে বাংলাদেশ ও পাকিস্তান দলের মধ্যে পার্থক্য—দ্বিতীয় টেস্টের একাদশ কাদের নিয়ে হবে পাকিস্তান সেটি জানে না। বাংলাদেশ কাল পর্যন্ত তা জানত না!এমনিতে টেস্ট সিরিজের দল একবারেই দেওয়ার রীতি থাকলেও এবার প্রথমে প্রথম টেস্টের দলটাই ঘোষণা করেছিল বিসিবি। এটা যেমন বিরল, তেমনি অস্বাভাবিক, প্রথম টেস্টের পর দুই দিন চলে যাওয়ার পরও দ্বিতীয় টেস্টের দল ঘোষণা না হওয়া। কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি ১৭ ডিসেম্বর থেকে শুরু ঢাকা টেস্টের দল। নির্বাচকেরা কাল বিকেলেই বোর্ডে দল জমা দিলেও সেটি এখনো ঘোষণার অপেক্ষায়।নির্বাচকদের দেওয়া দল ঘোষিত হয় বোর্ড সভাপতির অনুমোদন সাপেক্ষে। কিন্তু এসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বর্তমানে আছেন সিঙ্গাপুরে। জানা গেছে, তাঁর অনুমোদন পাওয়া যাচ্ছে না বলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে না দল। এ ব্যাপারে প্রধান নির্বাচক আকরাম খান টেলিফোনে সভাপতির সঙ্গে কথা বললেও বিষয়টা ‘ঝুলিয়ে’ই রেখেছেন মুস্তফা কামাল।দল ঘোষণায় দেরি কেন—প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি আকরাম খান, ‘আমরা আজ (গতকাল) বিকেল পাঁচটার দিকে বোর্ডে দল জমা দিয়েছি। বুঝতে পারছি না সেটি এখনো কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো না।’আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জানা গেছে, দ্বিতীয় টেস্টের ১৪ জনের স্কোয়াডে নেই মোহাম্মদ আশরাফুল। রাখা হয়নি চোটের কারণে দুই সপ্তাহের বিশ্রামে যাওয়া রুবেল হোসেন আর ইমরুল কায়েসকেও। ফিরেছেন পেসার শফিউল ইসলাম।দ্বিতীয় টেস্টের ১৪ সদস্যের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, নাসির হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহাদাত হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও রবিউল ইসলাম।