‘কালু’ বলা ইশান্ত এখনো স্যামির ‘ভাই’

ড্যারেন স্যামি ও ইশান্ত শর্মা।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ নিয়ে ড্যারেন স্যামি বরাবরই সোচ্চার। আইপিএলে তাঁর সাবেক সতীর্থ এক সময় তাঁকে গায়ের রং নিয়ে মজা করতেন। কথাটার মানে পরে বুঝতে পেরে চটেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। এত দিনে রাগ পড়েছে স্যামির। সাবেক সেই সতীর্থ ইশান্ত শর্মাকে এখনো ‘ভাই’ বলেই মনে করেন এ অলরাউন্ডার।

ঘটনাটা আলোচনার জন্ম দিয়েছিল গত জুনে। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে স্যামি ও থিসারা পেরেরাকে ‘কালু’ বলে ডাকতেন ইশান্ত। এ নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি তখন ভাইরাল হয়েছিল। এতে দেখা গেছে স্যামিকে ‘কালু’ বলে সম্বোধন করেছেন ভারতীয় পেসার। ২০১৪ সালের ওই ছবিতে ছিলেন ড্যারেন স্যামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেইন। ইশান্তের নিজের পোস্ট করা সেই ছবির ক্যাপশন, ‘আমি, ভুবি, কালু ও গান রাইজার্স।’ তখন যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরই বর্ণবাদী এই শব্দের অর্থ জানতে পারেন স্যামি। এক ভিডিও পোস্টে স্যামি তখন এ নিয়ে ক্ষোভ ঝেড়ে ক্ষমা চাইতে বলেছিলেন। পরে অবশ্য মনটা নরম হয় তাঁর।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে এ নিয়ে স্যামি বলেছেন, ‘এখন আর কোনো ক্ষোভ নেই। ইশান্তের সঙ্গে কথা বলেছি। ২০১৪ ও ২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে ভাই মনে করতাম, এখনো তাই মনে করি।’ তাই বলে বর্ণবাদ নিয়ে স্যামির অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। ইশান্তের ঘটনা তিনি মন থেকে মুছে ফেললেও ভবিষ্যতে এমন কিছু দেখলে চুপ করে থাকবেন না বলে জানালেন স্যামি, ‘তবে যদি দেখি আমাকে নিয়ে বর্ণবাদী কোনো মন্তব্য করা হচ্ছে, সেটা যখনই টের পাই না কেন, আমি প্রশ্ন তুলবই। ক্রিকেটীয় আঙিনার মধ্যেই এ নিয়ে কথা হচ্ছে। তাই এসব নিয়ে কথা বলতে আমি কিছু মনে করি না।’

বর্ণবাদ সমস্যা নিয়ে স্যামি নিজের ভাবনাটাও তুলে ধরলেন, ‘আমার মা আমাকে এভাবেই বড় করেছে। নিজের অথবা নিজেদের কেউ অবিচারের শিকার হলে প্রতিবাদ করতে হবে। এটা শুধু প্রতিবাদ নয় কারণ কৃষ্ণাঙ্গদের জীবনও মূলব্যান। জর্জ ফ্লয়েডের ঘটনাটা চোখ খুলে দিয়েছে। গায়ের রং নিয়ে পুলিশের নিমর্মতা ও প্রাতিষ্ঠানিক অবিচারের বিরুদ্ধে গলার জোর বাড়াতে হবে।’