কালের রেখায় আলী

১৯৪২: লুইভিল, কেন্টাকি। ১৭ জানুয়ারি কাসিয়াস মার্সেলাস ক্লে সিনিয়র ও ওডেসা ও’গ্রেডি ক্লের ঘরে জন্ম কাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়রের।
১৯৫৪: জন্মদিনের উপহার বাইসাইকেলটি চুরি হওয়ায় উত্তেজিত ক্লে রিপোর্ট করেন পুলিশে। প্রতিজ্ঞা করেন চোরকে পেটানোরও। পুলিশ অফিসার জো মার্টিন তখন সেদিনের ১২ বছরের কিশোরটিকে বলেছিলেন, আগে বক্সিং শেখো। ওই ঘটনাই জন্ম দিয়েছিল ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা গল্পটির।
১৯৫৬: গোল্ডেন গ্লাভ চ্যাম্পিয়নশিপে লাইট-হেভিওয়েটে সোনা জয়।
১৯৬০: সেপ্টেম্বরে রোম অলিম্পিকে লাইট-হেভিওয়েটে স্বর্ণ জয়। লুইভিলে ফেরার পর ‘শুধু সাদাদের আপ্যায়ন করা হয়’ এমন এক রেস্টুরেন্টে তাঁকে খাবার পরিবেশন করতে অস্বীকৃতি জানানোয় রাগে, ক্ষোভে, অপমানে অলিম্পিকের সোনার মেডেল ওহাইও নদীতে ফেলে দেন ক্লে।
১৯৬০: টুনি হুনসাকারকে হারিয়ে প্রথম পেশাদার লড়াইয়ে জয়।
১৯৬৪: ফেব্রুয়ারিতে সনি লিস্টনকে হারিয়ে প্রথম হেভিওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়।
১৯৬৪: ‘নেশন অব ইসলাম’এ যোগদান, নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী।

১৯৬৫: আবার লিস্টনের সঙ্গে ম্যাচ। প্রথম মিনিটেই নকআউট পাঞ্চে পরাজিত করেন লিস্টনকে। পাঞ্চটি ‘ফ্যান্থম পাঞ্চ’ হিসেবে বিখ্যাত।
১৯৬৭: ভিয়েতনাম যুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ‘ড্রাফট ইভেশনে’র দায়ে তাঁর শিরোপা কেড়ে নেওয়া হয়। বক্সিং লাইসেন্স বাতিল করার পাশাপাশি আলীকে জরিমানাসহ সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯৭০: বক্সিং রিংয়ে ফেরা, জেরি কুয়েরেকে হারানো।
১৯৭১: ফাইট অব দ্য সেঞ্চুরি। ৮ মার্চ, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হেভিওয়েট চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারের কাছে হার। পেশাদার ক্যারিয়ারে প্রথম হার।
১৯৭৩: মার্চে অখ্যাত কেন নর্টনের কাছে ক্যারিয়ারে দ্বিতীয় হার। ঘুষিতে আলীর চোয়াল ভেঙে দিয়েছিলেন নর্টন। সেপ্টেম্বরে ফিরতি লড়াইয়ে অবশ্য জেতেন আলী।

১৯৭৪: জানুয়ারিতে ফ্রেজিয়ারের সঙ্গে দ্বিতীয় লড়াই। এবার জেতেন আলী।
১৯৭৪: রাম্বল ইন দ্য জাঙ্গল। ৩০ অক্টোবর, জায়ারেতে (বর্তমান কঙ্গো) বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে হারান জর্জ ফোরম্যানকে।
১৯৭৫: থ্রিলা ইন ম্যানিলা। অক্টোবরে ফ্রেজিয়ারের সঙ্গে ১৪ রাউন্ডের লড়াইয়ে জেতেন আলী।
১৯৭৮: ফেব্রুয়ারিতে ১৯৭৬ অলিম্পিক চ্যাম্পিয়ন লিওন স্পিঙ্কসের কাছে হেরে হেভিওয়েট শিরোপা হাতছাড়া।
১৯৭৮: সেপ্টেম্বরে সেই স্পিঙ্কসকেই হারিয়ে আবারও শিরোপা পুনরুদ্ধার। প্রথম বক্সার হিসেবে তিনবার হেভিওয়েট বেল্ট জয়।
১৯৮১: ট্রেভর বারবিকের কাছে হেরে যান। ৫৬-৫ রেকর্ড নিয়ে চিরতরে গ্লাভস রেখে দেন।
১৯৮৪: পারকিনসন্স ধরা পড়ে আলীর শরীরে।
১৯৯৬: আটলান্টা অলিম্পিকে মশাল প্রজ্বালন। ৩৬ বছর আগে নদীতে ফেলে দেওয়া রোম অলিম্পিকের সোনার বদলে আলীকে একটি সোনার মেডেলও দেওয়া হয়।
২০১৬: ৩ জুন অ্যারিজোনার এক হাসপাতালে মারা যান।