৪৮ খেলার গ্রুপপর্ব শেষ। আমরা দেখলাম ১৩৬টি গোল। খেলাপ্রতি গড় ২.৮৩। এখনো ১৬টি ম্যাচ বাকি; সুতরাং এ মুহূর্তে সারা প্রতিযোগিতার গড়ের সঙ্গে তুলনা করার সময় আসেনি, কিন্তু খেলার মূল আরাধ্য যেহেতু ‘গোল’ নামের এক আতিবাস্তবিক, আতিস্বাভাবিক ও একই সঙ্গে বিস্ময়কর প্রপঞ্চ, তাই প্রতিযোগিতার একটা ধাপ পেরোনোর পর গড়ের দিকে তাকানো অযৌক্তিক নয়।
প্রকৃতপক্ষে যে বছর ‘মহাকাশের দল’ হাঙ্গেরি নিজেরা শিরোপা জিততে পারেনি, সেই ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির গোলগড় (৫.৩৮) এখনো বিশ্বকাপে সর্বোচ্চ। তার আগের চারটি বিশ্বকাপের গড় ১৯৩০—৩.৮৮; ১৯৩৪—৪.১১; ১৯৩৮—৪.৬৬ এবং ১৯৫০—৪.০০।
সুইডেনে ১৯৫৮-তে পেলের অভিষেকের বছর; ব্রাজিল দেখায় এক নতুন জিনিস। প্রথাগত দুই ফুলব্যাকের জায়গায় চার ব্যাক দিয়ে দল সাজিয়ে ফর্মেশনটা করে ফেলে ৪-২-৪, যা আবার মারিও জাগালো, যাঁকে বলা হতো দলের হৃৎপিণ্ড, তার প্রায়ই মধ্যমাঠে নেমে এসে ‘উইথড্রন ফরোয়ার্ড’ হিসেবে খেলাতে হয়ে দাঁড়াত ৪-৩-৩। সে বছর গড়টা ছিল ৩.৬০। তবে কি ‘বিউটিফুল গেম’-এর সবচেয়ে বড় সমর্থকেরাই চার ব্যাকের ওই পদ্ধতি বের করে কম গোলের দিকে পথ দেখাল? ব্রাজিলের পরে সবাই ওই চার ব্যাকের পেছনে ছোটে। অনেকে তো খেলে পাঁচ ব্যাক নিয়ে। গোলগড়ও নামতে থাকে ।
পেলের গৌরবময় পদচিহ্ন-সংবলিত বিদায়ের বছর ১৯৭০-এ এই গড় একটু বেড়ে দাঁড়ায় ২.৯৬। ৩২ দলের ফাইনাল রাউন্ডের যুগে এসে ৭ খেলায় মাত্র ৮ গোল করে ২০১০-এ স্পেন শিরোপা জেতে। এটা এক অন্য ধরনের রেকর্ড: এত কম গোল করে কেউ চ্যাম্পিয়ন হয়নি। স্পেনের বলদখলি ‘টিকি-টাকা’র অন্য আকর্ষণ অবশ্যই ছিল। ওরা সম্ভবত ইয়োহান ক্রুইফের ওই কথাটি মনে রাখত—‘প্রতিপক্ষ যদি বল না পায়, তাহলে গোলও পাবে না।’
আজ শুরু নাটকীয় ও নিষ্ঠুর নকআউট পর্ব। একটা জনপ্রিয় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল । তেমনি সম্ভব ব্রাজিল-হল্যান্ড বা আর্জেন্টিনা-জার্মানি বা জার্মানি-হল্যান্ড। কোনো ব্রাজিল-জার্মানি বা আর্জেন্টিনা-হল্যান্ড ফাইনাল আর সম্ভব নয়।
এ জাতীয় হিসাব-নিকাশের বাইরে সুয়ারেজের প্রতিপক্ষকে কামড়ানোর সাজার খবরটি এসেছে: চার মাস ফুটবলের বাইরে: সবচেয়ে বড় ক্ষতি উরুগুয়ের। সুয়ারেজকে ছাড়া ওদের অগ্রগতি কতটা সম্ভব? ফিফা সাজা দিয়েই দায়িত্ব ছেড়ে দিতে পারে না; একজন তরুণ খেলোয়াড় কেন বারবার এটা করছের, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বের করা ফিফারও দায়িত্ব ।
এই কালো অধ্যায়ের বাইরে উজ্জ্বল দিকও আছে। আমরা দেখেছি প্রতিটি খেলায় মেসির ম্যাজিক; নেইমার-রথে ব্রাজিলের সম্ভাবনা; মুলারের গোল-প্রবণতা। এই তিনজনই ৪ গোল করে এ পর্যন্ত তালিকার মাথায়। এসেছে সুইজারল্যান্ডের শাকিরির হ্যাটট্রিক আর আলজেরিয়া ও নাইজেরিয়ার দ্বিতীয় রাউন্ডে যাত্রা। এশিয়া এবার পুরোপুরি বিদায় প্রথম রাউন্ডেই।