কালো আফ্রিকায় উৎসবের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুচ্চমকের মতো পাঁচটি সামরিক বিমান উড়ে গেল জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামের ওপর দিয়ে। কিন্তু আকাশে বিমানের গগনবিদারী গর্জনও যেন চাপা পড়ে গেল মর্ত্যের স্টেডিয়ামে হাজির প্রায় ৯৪ হাজার দর্শকের আনন্দধ্বনি আর হাতের কান ফাটানো বাঁশি ভুভুজেলার শব্দে। গতকাল শুক্রবার এভাবেই পর্দা উঠল আফ্রিকার প্রথম ফুটবল বিশ্বকাপের।অনেক অবজ্ঞা, উপেক্ষা আর সংশয়ের পাহাড় ঠেলে কালো মানুষের দেশে এসেছে ফুটবলের এই রাজসিক যজ্ঞ। আর স্বাগতিকেরা বিশ্বকাপের আয়োজনকে দেখছেন এখনো ছাইচাপা আগুনের মতো ঘাপটি মেরে থাকা সাদা-কালোর বৈরিতা ঘুচিয়ে ‘রেইনবো নেশন’কে সত্যিই ঐক্যের সুতোয় বাঁধার দারুণ সুযোগ হিসেবেও।আন্তর্জাতিক বিশ্বে আফ্রিকা মহাদেশ বলতেই যে যুদ্ধ, অনাহার আর এইডসের মতো মহামারির ছবি ভেসে ওঠে; আয়োজকদের আশা, বিশ্বকাপের মতো আসরের সফল আয়োজনে সেই ছবিটা বদলাবে।চোখ-ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ৪০ মিনিটের। বিশ্বকাপের ইতিহাসে এত দীর্ঘ উদ্বোধনী অনুষ্ঠান এটাই প্রথম। আয়োজনের বৈচিত্র্য অবশ্য একে মোটেই দীর্ঘ মনে হতে দেয়নি। এক হাজার ৫৮১ জন শিল্পীর নাচ-গান আর বিভিন্ন কসরতের বর্ণিল প্রদর্শনীর মধ্য দিয়ে উঠে আসে আফ্রিকার ঐতিহ্য-সংস্কৃতি। এই মাপের সব আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সকার সিটিও মেতেছিল রঙের খেলায়। কিন্তু স্বাগতিকদের মনে একটু খেদ রয়েই যায় ‘মাদিবা’ মাঠে না থাকায়। যাঁর জন্য বিশ্বকাপ এসেছে দক্ষিণ আফ্রিকায়, কালো মানুষের মুক্তির দূত সেই নেলসন ম্যান্ডেলা তাঁর মেয়ের নাতনির মৃত্যুতে শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি অনুষ্ঠানে। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মেয়ের নাতি ১৩ বছর বয়সী জেনানি মারা যাওয়ায় অনুষ্ঠানে যাননি শোকবিহ্বল ম্যান্ডেলা।রংচঙা পোশাক আর সাজসজ্জা এমনিতেই আফ্রিকার মানুষের প্রিয়। তাতে তাদের মানায়ও বেশ। তার ওপর নিজেদের দেশে বিশ্বকাপের আসর। তাই গ্যালারিতে ‘রংবাজিও’ জমেছিল দেখার মতো। বেশির ভাগ দর্শকের গায়ে ছিল বাফানা বাফানাদের হলুদ জার্সি।দক্ষিণ আফ্রিকা ছয় বছর আগে বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার পর থেকে সমালোচকেরা বলে আসছিলেন, এমন বড় আয়োজনের অবকাঠামোগত যোগ্যতা তাদের নেই। উচ্চ অপরাধপ্রবণতার কথাও উল্লেখ করা হয়। কিন্তু স্টেডিয়াম, সড়ক, বিমানবন্দর ইত্যাদি তৈরি আর সংস্কারের কাজ সময়মতোই শেষ করেছে তারা। ব্লুমফন্টেইনে ফুর্তিতে মাতা ৩৬ বছর বয়সী শিক্ষক ডাইজেবো বলেন, ‘বিশ্বকাপ দেশকে ঐক্যবদ্ধ করবে। রেইনবো নেশন আজ এক হয়েছে। বাফানা বাফানারা আজ ৩-০ গোলে জিতবে।’শ্বেতাঙ্গ সংখ্যালঘু বর্ণবাদী শাসন অবসানের ষোলো বছর পরও দক্ষিণ আফ্রিকার ওপর থেকে জাতিগত বিরোধের অশুভ ছায়া পুরোপুরি দূর হয়নি। দেশবাসীর প্রত্যাশা, বিশ্বকাপ সাদা-কালোর সেই দূরত্বটা এক ধাক্কায় অনেকখানি কমিয়ে দেবে।স্টেডিয়ামের গেট খোলার পরপরই ঢুকেছিলেন জোহানেসবার্গের বাসিন্দা মার্থা শ্যাঙ্গি। তিনি বলেন, ‘কোনো দিন কল্পনাও করিনি এমন দিন আসবে। আজ থেকে খেলা শুরু হলো। কোনো কিছুই আর আমাদের দমাতে পারবে না। বাফানা বাফানারা অবশ্যই জিতবে।’ গ্যালারিতেই নেচে-গেয়ে আনন্দে যোগ দেন শান্তিতে নোবেলজয়ী ‘আফ্রিকার বিবেক’ আর্চবিশপ ডেসমন্ড টুটু। সংগীত পরিবেশন করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আফ্রিকার আরও পাঁচ দেশের পাঁচজন শিল্পী। তাঁদের মধ্যে ছিলেন আলজেরিয়ার ঐতিহ্যবাহী ‘রাই’ গানের সম্রাট খালেদ এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিতুল্য ট্রাম্পেটবাদক হিউ মাসেকালা।স্টেডিয়ামের ভেতরে-বাইরে, দেশজুড়ে আনন্দে মাতোয়ারা ছিল দক্ষিণ আফ্রিকানরা। নেচে-গেয়ে আনন্দ করেছে তারা। পুরো জোহানেসবার্গ ছিল উৎসবের শহর। ফুটবলে তুলনামূলকভাবে দুর্বল বাফানা বাফানারা টুর্নামেন্টে কত দূর যাবে, সেই চিন্তা ভুলে আনন্দ করেছে স্থানীয়রা। সবাই ছুটেছে স্টেডিয়ামের দিকে। তবে যানজটের কারণে অনেকে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাতে না পারায় গ্যালারির কিছু অংশ ছিল খালি। স্টেডিয়ামের বাইরে পুরো শহরের বিভিন্ন জায়গায় বিশাল সব টিভি পর্দা। উদ্বোধনী অনুষ্ঠান আর আসরের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে স্বাগতিকদের খেলা দেখতে অসংখ্য মানুষ নিজের বাড়ির টেলিভিশন ফেলে ভিড় জমায় ওই সব বিশাল পর্দার সামনে। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, মহাদেশের প্রথম বিশ্বকাপ—আনন্দে মেতেছে পুরো আফ্রিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে টেলিভিশনের সামনে বসতে পেরে শিহরিত সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ক্লার্ক, মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ আরও অনেক ভিভিআইপি।বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম ও রাস্তাঘাট তৈরি, বিমানবন্দর আধুনিকায়নসহ অবকাঠামোগত খাতে দক্ষিণ আফ্রিকা ব্যয় করেছে প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন পাউন্ড। মনে করা হচ্ছে, প্রায় তিন লাখ ৭০ হাজার বিদেশি বিশ্বকাপ উপলক্ষে দেশটি সফর করবে।