কালো জাদুর কবলে রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘানা থেকে কালো যাদু করা হচ্ছে রোনালদোকে ! ছবি: রয়টার্স
ঘানা থেকে কালো যাদু করা হচ্ছে রোনালদোকে ! ছবি: রয়টার্স

রোনালদোর চোট-শঙ্কায় অস্থির হয়ে আছে পর্তুগালের ফুটবল অঙ্গন। বিশ্বকাপে দলের সেরা খেলোয়াড়টিকে সুস্থ অবস্থায় পাওয়ার জন্য নিশ্চয়ই কোনো চেষ্টাই বাদ দিচ্ছেন না পর্তুগালের ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা। অত্যাধুনিক চিকিত্সাসেবা, বিশেষ অনুশীলন—সবকিছুই চলছে পুরোদমে। অন্যদিকে রোনালদো যেন বিশ্বকাপে খেলতে না পারেন, সেই চেষ্টাও নাকি একজন নিরলসভাবে করে যাচ্ছেন হাজার হাজার মাইল দূরে বসে।

ক্লাব ফুটবলে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে শেষদিকে চোটের কবলে পড়েছিলেন রোনালদো। অনেকেই হয়তো মনে করছেন, সেই চোটের প্রভাবই এখনো কাটিয়ে উঠতে পারেননি পর্তুগিজ তারকা। কিন্তু না, রোনালদো আসলে হয়েছেন তুক-তাকের শিকার! অন্তত এমনটাই দাবি করছেন নানা কোয়াকু বোনসাম নামে ঘানার এক পুরোহিত। বিশ্বকাপে রোনালদো যেন খেলতে না পারেন, সেই চেষ্টা নাকি চার মাস আগ থেকেই করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ঘানার এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে এই পুরোহিত বলেছেন, ‘আমি জানি রোনালদোর ইনজুরির কী অবস্থা। আমি তার ওপর কাজ করছিলাম। আমি ব্যাপারটা খুব গুরুত্ব দিয়েই নিয়েছি। গত সপ্তাহে চারটা কুকুর দিয়ে আমি একটা বিশেষ আত্মা তৈরি করেছি। এর নাম “কাওয়িরি কাপাম”।’ কোনো ওষুধ দিয়ে এই ইনজুরি সারানো যাবে না বলেও হুঁশিয়ার করেছেন ঘানার এই পুরোহিত, ‘এই ইনজুরিতে কোনো ওষুধ কাজ করবে না। কী কারণে এই ইনজুরিটা হচ্ছে, সেটাও তারা কখনো দেখতে পাবে না। কারণ, এটা আধ্যাত্মিক ব্যাপার। আজ ইনজুরিটা তার হাঁটুতে আছে। কাল চলে যাবে ঊরুতে, তার পরের দিন অন্য কোথাও।’

কিন্তু সবাইকে বাদ দিয়ে রোনালদোর ওপরই কেন তুক-তাক শুরু করলেন ঘানার এই পুরোহিত? কারণটা পরিষ্কার। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য ঘানাকে যে লড়তে হবে পর্তুগালের বিপক্ষে। ঘানার সমর্থকেরা তো চাইবেই যেন রোনালদো বিশ্বকাপে না খেলতে পারেন। ফিফা বর্ষসেরা ফুটবলারকে যে চোটের কবলে ফেলবেন, সেটা নাকি চার মাস আগেই বলে রেখেছিলেন ঘানার পুরোহিত, ‘চার মাস আগেই বলেছিলাম, আমি রোনালদোকে নিয়ে কাজ করব। আর তাকে বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দেব। অন্তত ঘানার বিপক্ষে ম্যাচটা যেন সে না খেলতে পারে সেই ব্যবস্থা করব। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে চোটের কবলে ফেলা।’
বিশ্বকাপ শুরুর মাত্র সাত দিন আগেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি রোনালদো। আগামীকাল মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হয়তো মাঠে নামতে পারবেন না। দলের সবার সঙ্গে নিয়মিত অনুশীলনেও অংশ নিতে দেখা যায়নি এ সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। ফিটনেস ফিরে পাওয়ার জন্য আলাদাভাবে বিশেষ অনুশীলন করছেন রোনালদো। এএফপি।