কালো তারায় উজ্জ্বল আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদি পেলে একাই হারিয়ে দিলেন বিল ক্লিনটন ও মিক জ্যাগারকে!রয়্যাল বাফোকেং স্টেডিয়ামের গ্যালারিতে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের পাশে বসে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ রক কিংবদন্তি ও রোলিং স্টোনের লিড ভোকালিস্ট স্যার মাইকেল ফিলিপ মিক জ্যাগার। আর উত্তরসূরিদের অনুপ্রেরণা জোগানোর জন্য গিয়েছিলেন ঘানার ফুটবল কিংবদন্তি আবেদি পেলে। জিতলেন পেলে, জিতল আফ্রিকাও। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ঘানা জানিয়ে দিল, আফ্রিকার মশালটা ভুল হাতে পড়েনি। গত বিশ্বকাপেও ঘানার কাছে একই ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।পিছিয়ে পড়েও বারবার ফিরে আসার ধারাটা পরশুও ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের ৫ মিনিটের গোল ৫৭ মিনিট পর পেনাল্টিতে ফিরিয়ে দিয়েছিলেন ল্যান্ডন ডনোভান। তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আসামোয়া জিয়ানের দুর্দান্ত গোল স্বপ্নের শেষ আটে নিয়ে গেছে ‘ব্ল্যাক স্টার’দের। গোলের পর আকাশের দিকে আঙুল উঁচিয়ে কী যেন দেখাচ্ছিলেন জিয়ান। হয়তো আকাশের তারাদের বলছিলেন, ‘তোমাদের আলোয় নয়, গোটা আফ্রিকা আজ আলোকিত আমাদের আলোয়, কালো তারাদের আলোয়!’গ্রুপ পর্বের দু ম্যাচে এই জিয়ানের দুটি পেনাল্টি গোলেই চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। দুটি ম্যাচেই ম্যাচ-সেরা হয়েছিলেন। পরশু সেরা হতে পারেননি, তবে নিঃসন্দেহে করেছেন ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গোল। ৯৩ মিনিটে ম্যাচ-সেরা আন্দ্রে আইয়ুর একটি লম্বা পাস যুক্তরাষ্ট্র অধিনায়ক ও ক্লাব সতীর্থ কার্লোস বোকানেগ্রার সামনে থেকে বুক দিয়ে নিচে নামিয়েছেন, এরপর আরেক ডিফেন্ডার জে মেরিটকে ছিটকে বাঁ পায়ের ভলিতে জড়িয়ে দেন জালে। ঘানার প্রথম গোলটিও ছিল অসাধারণ একক নৈপুণ্যের ফসল। মাঝমাঠের প্রায় কাছ থেকে বল নিয়ে ছুটতে থাকেন কেভিন-প্রিন্স বোয়েটাং। যুক্তরাষ্ট্রের তিন ডিফেন্ডার ছিলেন তাঁর কাছাকাছি, কিন্তু কেউই ফাইনাল ট্যাকল করছিলেন না। এই সুযোগে ২০ গজ দূর থেকে আচমকা বাঁ পায়ের কিকে পরাস্ত করেন টিম হাওয়ার্ডকে, ম্যাচের বয়স তখন সবে ৫ মিনিট। বিশ্বকাপ ইতিহাসে এটি আফ্রিকার তৃতীয় দ্রুততম গোল। ৬২ মিনিটে ঘানা ডিফেন্ডার জোনাথন মেনশা বক্সের ভেতর ক্লিন্ট ডেম্পসিকে ফাউল করলে পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। ডনোভান আর কোনো ভুল করতে পারেন! যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৪৫) তুলে নেন এই বিশ্বকাপে তাঁর তৃতীয় আর সব মিলিয়ে বিশ্বকাপে পঞ্চম গোল। ১৯৩০ বিশ্বকাপে চার গোল করা বার্ট পাতেনুদেকে পেছনে ফেলে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতাও এখন যুক্তরাষ্ট্র ফুটবলের সোনার ছেলে। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি, পারেনি ৮০ বছর আগে সেই প্রথম বিশ্বকাপের পর টানা দু ম্যাচ জিততে না পারার গেরোটা খুলতে। তবে গেরো একটা খুলতে পেরেছে ঘানা। সর্বশেষ পাঁচটি জয় এসেছে তাদের ১-০ গোলে, টানা ১৪ ম্যাচ গোল করতে পারেনি একটার বেশি।শুরু থেকেই দলের প্রতিটি জয়কে আফ্রিকার জয় বলে আসছিল ঘানা। ব্যতিক্রম হয়নি পরশুও। জয়ের নায়ক জিয়ান আবার বলেছেন এই জয় আফ্রিকার, ‘শুধু ঘানা নয়, পুরো আফ্রিকা মহাদেশকেই আমরা গর্বিত করেছি।’ ম্যাচের সেরা আন্দ্রে আইয়ীও বলেছেন তাই। আর ঘানার সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাচের গর্বিত ঘোষণা, ‘ঘানা এখন বিশ্বের সেরা আট দলের একটি।’ এএফপি।