কালো ব্যাজ পরে খেলবেন মুশফিকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। শোকাচ্ছন্ন শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দল। অধিনায়ক মুশফিকুর রহিম পুরো দলের হয়ে বললেন, ‘মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশের খেলা এবং বিপিএলের দুই আসরেই তাঁর উপস্থিতি ক্রিকেটের প্রতি তাঁর গভীর অনুরাগেরই প্রকাশ।’তিন দিনের জাতীয় শোকে বিসিবি কার্যালয়ে জাতীয় পতাকার সঙ্গে বিসিবির পতাকাও থাকবে অর্ধনমিত। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৩ মার্চ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল খেলবে বাহুতে কালো ফিতা বেঁধে। জিল্লুর রহমানের ছেলে সাংসদ নাজমুল হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, ব্যাডমিন্টন ফেডারেশন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী এবং ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন।