কালো মেঘ মাথায় চ্যাম্পিয়নস ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটের আকাশে এখন দুর্যোগের ঘনঘটা। আইপিএল-বিপিএলের ফিক্সিং কেলেঙ্কারির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের তো ফিক্সিং-বিতর্ক বিপিএলের সীমানা ছাড়িয়ে ছুঁয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকেও। এর মাঝেই ইংল্যান্ডে বসছে তারকার মেলা। ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী পরশু শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সপ্তম ও শেষ আসর। ‘মিনি বিশ্বকাপ’ বলে পরিচিত টুর্নামেন্টের শিরোপাযুদ্ধে নামছে বিশ্বের সেরা আট দল। র‌্যাঙ্কিংয়ের সেরা ১০ ব্যাটসম্যানের সবাই থাকছেন। থাকছেন বাংলাদেশের আবদুর রাজ্জাক ছাড়া সেরা দশের আর সব বোলার। টুর্নামেন্ট শুরুর আগে তবু প্রশ্ন একটাই, ফিক্সিংয়ের কালো মেঘ সরিয়ে কি আলো ছড়াতে পারবে এই তারকারাজি?সংশয় যথেষ্টই আছে। ফিক্সিংয়ের কালো থাবায় মাঠের ক্রিকেট আড়াল হওয়ার সম্ভাবনা থাকছেই। সংকট এখন এতটাই তীব্র, সাময়িকভাবে হলেও সরে দাঁড়াতে হয়েছে বিসিসিআই সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনকে। অথচ মাত্র কদিন আগেও যিনি ছিলেন ক্রিকেট-বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সরে দাঁড়িয়েছেন আইপিএল প্রধান রাজীব শুক্লা, বিসিসিআই সচিব সঞ্জয় জাগদালে ও কোষাধ্যক্ষ অজয় শিকরে। শ্রীনিবাসনের জামাই আছেন পুলিশি হেফাজতে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের চোখ ধাঁধানো ধারাবাহিক সাফল্যে লেগেছে কালির ছোপ। গ্রেপ্তার হয়েছেন টেস্ট ক্রিকেটার থেকে শুরু করে নবীন ক্রিকেটার, বলিউড তারকা, জুয়াড়ি, সন্দেহভাজন আরও অনেকে। ১৩ বছরের ইতিহাসে আকসু সবচেয়ে বড় তদন্ত চালাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। যাতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, অবাক করা সব নাম। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করেছে সাবেক ক্রিকেটার শরিফুল হককে, আম্পায়ার নাদির শাহকে ১০ বছরের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমে ফিক্সিং-বিতর্কে নাম আসায় চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ার তালিকা থেকে আসাদ রউফকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। আর পাকিস্তান তো আছেই। ২০১০ সালের সেই স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর এবারই পাকিস্তানের প্রথম ইংল্যান্ড সফর। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আলোচনায় যেন শুধুই ফিক্সিং। টুর্নামেন্টের শেষ আসরে আগে এমন কিছু নিশ্চয়ই চায়নি আইসিসি!এবারের টুর্নামেন্টটা অবশ্য করতেই চায়নি আইসিসি। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এ বছর থেকেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে চেয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। কিন্তু স্পনসরদের সঙ্গে আগের চুক্তির কারণে টুর্নামেন্টটা না করে পারা যায়নি। এমনিতে জমজমাট একটি টুর্নামেন্টের সব রসদই আছে এখানে। বিশ্বের সেরা আটটি দল, সেরা সব তারকা। আট নম্বর দল নিউজিল্যান্ডের কাছে দুই নম্বর ইংল্যান্ডের অনায়াস হার যেমন দিচ্ছে টুর্নামেন্টে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস। লম্বা টুর্নামেন্ট বলে বিশ্বকাপ অনেক সময় ঝুলে যায়, কিন্তু ১৮ দিন ও ১৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেই শঙ্কা নেই। ক্রিকেটীয় উত্তেজনার তাই কমতি থাকার কথা নয়।তবু শঙ্কা ও সম্ভাবনার দোলাচল, শেষ পর্যন্ত ফিক্সিংয়ের কালো মেঘ ফুঁড়ে কি বের হবে নির্মল ক্রিকেটানন্দ? এএফপি।