কাসানো ইন্টারে, পাজ্জিনি এসি মিলানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলান ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমালেন স্ট্রাইকার অ্যান্টোনিও কাসানো। অন্যদিকে ইন্টার মিলান থেকে এসি মিলানে যোগ দিয়েছেন জিয়ামপাওলো পাজ্জিনি। গতকাল মঙ্গলবার এই দলবদলের খবরটি নিশ্চিত করেছে দুই ক্লাব।দীর্ঘদিন ধরেই এই দুই ফুটবলারের দলবদল নিয়ে আলোচনা চালিয়েছিল এসি মিলান ও তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। অবশেষে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে ভেড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে ইতালির শীর্ষ এই দুই ক্লাব। ইন্টার মিলানের সভাপতি মাসিমো মোরাত্তি ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘কাসানোর মতো খেলোয়াড়কে সবাই দলে ভেড়াতে চাইবে। আমরা মনে করি সে ক্লাবের জন্য অনেক অবদান রাখতে পারবে।’ ২০১১ সালে এসি মিলানে যোগ দেওয়ার পর ৩৩ ম্যাচে মাঠে নেমে সাতটি গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। কিন্তু কাসানোর এসি মিলান ছেড়ে যাওয়ার ব্যাপারটি অবাক করেছে অনেককেই। বিগত দেড় বছরে এই ক্লাবেই ক্যারিয়ারের পুনর্জাগরণ হয়েছিল এই স্ট্রাইকারের। যার ফলে ইতালির মূল একাদশেও জায়গা করে নিতে পেরেছেন তিনি। অন্যদিকে জিয়ামপাওলো পাজ্জিনিকে দলে আনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এসি মিলান। সম্প্রতি ক্লাবটির টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পাজ্জিনিকে এসি মিলানে স্বাগত জানিয়েছেন মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভো। তিনি বলেছেন, ‘তাঁকে দলে পাওয়াটা খুবই দারুণ ব্যাপার। পাজ্জিনি সব দলের পক্ষেই খুব দারুণ খেলছেন। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে তিনি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। পুরো দলকেই তিনি ভালো খেলার জন্য সাহায্য করতে পারেন।’ রয়টার্স