কািলচরণে লারার ছায়া

একজন কালিচরণ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে অমর হয়েই আছেন৷ পদধ্বনি শোনা যাচ্ছে আরেক কালিচরণের৷ ত্রিনিদাদের স্কুল ক্রিকেটে কোয়াড্রপল সেঞ্চুরি করে তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিস্টান কালিচরণ৷ সেটাও ৩৫ ওভারের ম্যাচে! সেকেন্ডারি স্কুল ক্রিকেট লিগের কোয়ার্টার ফাইনালে ৪০৪ রান করেছে ১৪ বছর বয়সী ডানহাতি ওপেনার৷ ৪৪ চার ও ‘মাত্র’ ৩১ ছক্কায় সাজানো ছিল কালিচরণের ইনিংস৷ অধিনায়কের ঝড়ে বিষ্ণু বয়েজ হিন্দু কলেজ ৩৫ ওভারে তোলে ১ উইকেটে ৫৪৮৷ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া হাইস্কুল ৮৯ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে ৪৫৯ রানে!
বয়স অল্প হলেও এই কালিচরণ বেশ পরিণত৷ রেকর্ড গড়া ইনিংসের প্রতিক্রিয়ায় ত্রিনিদাদ ও টোবাগো এক্সপ্রেসকে বলেছে, ‘শুরুতে লক্ষ্য ছিল সেঞ্চুরি৷ ৩৫ বলেই সেঞ্চুরি হয়ে যাওয়ার পর ভাবলাম আরও কিছু রান করতে পারি৷ পরে মনে হলো করতেই থাকি, করতেই থাকি...৷ তবে চার শ করে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি না৷ শুধু খুশি এমন কিছু করতে পারায়৷’
কালিচরণ খুব উচ্ছ্বসিত না হলেও কিশোর প্রতিভাকে নিয়ে উচ্ছ্বাস ক্যারিবিয়ানজুড়ে৷ নামে আলভিন কালিচরণের সঙ্গে মিল থাকলেও অনেকেই তাঁর মাঝে দেখছেন ক্যারিবিয়ানের আরেক ‘কোয়াড্রপল নায়ক’ ব্রায়ান লারার ছায়া৷ ত্রিনিদাদের ক্রীড়ামন্ত্রী অনিল রবার্টসের বিশ্বাস, নতুন এক লারা পেতে যাচ্ছে ত্রিনিদাদ৷ লারার সঙ্গে একই স্কুলে পড়েছেন রবার্টস, সেই স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘এই ইনিংসটি দেখে আমার লারার ড্রাইভ ও ব্যাটিং-শৃঙ্খলার কথা মনে পড়ছে৷ আশির দশকে লারাও ফাতিমা কলেজের হয়ে এভাবে ব্যাটিং করত৷ ছাত্রজীবনে তখন সরাসরি লারাকে দেখেছি, মন্ত্রী হিসেবে ক্রিস্টানকে দেখলাম৷ লারার মতো কিছু করারই স্পষ্ট ইঙ্গিত ক্রিস্টানের ব্যাটে৷’
লারার সঙ্গে তুলনা শুরু অবশ্য আগে থেকেই৷ যখন ভেঙেছিলেন লারার রেকর্ড! ফাতিমা স্কুল অ্যান্ড কলেজের হয়ে লারার ১৬৮ রান ছিল সেকেন্ডারি স্কুল রেকর্ড৷ গত বছর সেটি ছাড়িয়ে কালিচরণ ২৬ চার ও ৬ ছক্কায় করেছিল ১৯৪৷ এবার অনেকটাই ছাড়িয়ে গেল নিজের রেকর্ডকে৷ নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বভাব তো লারারও ছিল! ওয়েবসাইট৷