কিংবদন্তির প্রশংসায় কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই জাভেদ মিয়াঁদাদের ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডে ভাগ বসিয়েছেন শচীন টেন্ডুলকার। এক কিংবদন্তির কীর্তি ছুঁয়েছেন আরেক কিংবদন্তি।একজনের রেকর্ডে আরেকজন ভাগ বসালে বা ভেঙে দিলে কারও ভালো লাগার কথা নয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটের বড়ে মিয়াঁর ভালোই লাগছে, ‘এটা সব সময়ই ভালো লাগে যদি আপনার করা কোনো রেকর্ড কোনো গ্রেট খেলোয়াড় স্পর্শ করতে বা ছাড়িয়ে যেতে পারে। আমি খুশি, টেন্ডুলকার আমার বিশ্বকাপে উপস্থিতির রেকর্ড স্পর্শ করেছে। খেলাটির জন্য যে আনুগত্য ও ত্যাগ সে দেখিয়েছে, সেজন্য এই সম্মান তার প্রাপ্য।’ মিয়াঁদাদের বিশ্বকাপ শুরু হয়েছিল সেই প্রথম বিশ্বকাপে, ১৯৭৫ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৮। টেন্ডুলকার যখন প্রথম বিশ্বকাপ খেলেছেন, তখনো ১৯ বছর পুরো হয়নি। অর্থাৎ দুজনেরই বয়স একই ছিল। মিয়াঁদাদ খেলেছেন ১৯৯৬ বিশ্বকাপ পর্যন্ত। ১৯৯২ বিশ্বকাপ ছিল টেন্ডুলকারের প্রথম বিশ্বকাপ। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপই পাচ্ছে এই ব্যাটিং-বিস্ময়কে।টেন্ডুলকারে মুগ্ধ মিয়াঁদাদ বলছেন, ‘টেন্ডুলকার খেলাটাকে কতখানি ভালোবাসে, এটা তারই প্রমাণ। কঠোর পরিশ্রমের জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। তরুণ খেলোয়াড়দের কাছে সে আদর্শ উদাহরণ।’টেন্ডুলকারই যে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তা নিয়েও মিয়াঁদাদের কোনোই সংশয় নেই। ‘অবশ্যই সে ইতিহাসের সেরা ব্যাটসম্যান। রেকর্ডই তার হয়ে কথা বলছে। এবং সে আরও অনেক কিছুই পাবে’—টেন্ডুলকারে কতটা মুগ্ধ মিয়াঁদাদ, এতেই পরিষ্কার।কিশোর টেন্ডুলকারের টেস্ট অভিষেক দেখেছেন মাঠে। ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন টেন্ডুলকার। সেই ম্যাচে পাকিস্তান দলে ছিলেন মিয়াঁদাদ। সেই কিশোর একদিন যখন তাঁরই গড়া সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডটা ছুঁয়ে ফেলেন, মিয়াঁদাদের তখন প্রশংসার ডালি খুলে বসেন টেন্ডুলকারের জন্য, ‘এত দিন ধরে খেলা চালিয়ে যাওয়া সত্যিই অবাক ব্যাপার। আমার মনে হয়, ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করাই এখন তার ধ্যানজ্ঞান। একমাত্র এই সম্মানটিই সে এখনো পায়নি। ভারতের বিশ্বকাপ জয় অনেকটাই তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।’ পিটিআই।