কিংস কাপে খেলবেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরে বিশ্বকাপে খেলেছেন। দিল্লিতে জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় পেশাদার শিরোপা। নতুন বছরে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে অংশ নেননি গলফার সিদ্দিকুর রহমান। আগামী সপ্তাহে খেলতে যাচ্ছেন থাইল্যান্ডের কিংস কাপে। টুর্নামেন্টটা তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ। ১০ লাখ ইউএস ডলারের এই টুর্নামেন্টে ভালো করলেই মিলে যেতে পারে ইউরো-এশিয়া কাপে খেলার সুযোগ। আগামী ২৮-৩০ মার্চ মালয়েশিয়াতে হবে ইউরোপ ও এশিয়ার সেরা গলফারদের লড়াই। কিংস কাপের পর প্রকাশিতব্য এশিয়ান ট্যুর র্যাঙ্কিংয়ের সেরা চারে থাকলেই সেখানে সুযোগ পাবেন সিদ্দিকুর। মালয়েশিয়ায় খেলার ব্যাপারে আত্মবিশ্বাসীই শোনাল তাঁর কণ্ঠ, ‘মালয়েশিয়াতে ইউরো-এশিয়া কাপে খেলার ব্যাপারে ৯৯ ভাগ আশাবাদী আমি। গত কিছুদিন খুব ভালো গলফ খেলছি। আশা করি, কিংস কাপ শেষে এশিয়ান র্যাঙ্কিংয়ে সেরা চারেও থাকতে পারব।’
আগামী ১৬-১৯ জানুয়ারি থাইল্যান্ডে হবে কিংস কাপ। বর্তমানে এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে তৃতীয় স্থানে আছেন সিদ্দিকুর।