কিংস কাপে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস কাপে গত বছর তৃতীয় বিভাগের দল আলকোরকনের কাছে হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি মাথায় নিয়েই গতকাল খেলতে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত বছরের পুনরাবৃত্তি না হলেও ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি হোসে মারিনহোর দল এবারও। গতকাল কিংস কাপে তৃতীয় বিভাগের আরেক দল মারসিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালের।মারসিয়ার সঙ্গে কিংস কাপের এই ম্যাচ খেলতে নামার আগেই কোচ হোসে মারিনহো খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, ১৯৯৩ সালের পর কিংস কাপ না জেতা রিয়ালের খেলোয়াড়েরা যদি এই ম্যাচটিতেও ব্যর্থ হন, তাহলে তিনি সেই খেলোয়াড়দের বাদ দেবেন, মৃত ঘোষণা করবেন। গতকাল মারসিয়ার বিপক্ষে জিততে না পারার পর তিনি খেলোয়াড়দের মৃত ঘোষণা করেছেন কি না, তা জানা না গেলেও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা গতকাল ছিলেন পুরোপুরিই নিষ্প্রভ, মারসিয়ার মতো দলের বিপক্ষে খেলতে নেমে রিয়াল মাদ্রিদের দিগ্বিজয়ী ভাবমূর্তির ছিঁটেফোটাও তাঁরা মাঠে দেখাতে পারেননি।ফরাসি ফুটবলার করিম বেনজেমাকে অনেক আশা করেই গত বছর রিয়াল দলে টেনেছিল। ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিতে থাকা বেনজেমা খুব সম্ভবত নিজের দলভুক্তির যথার্থতা প্রমাণে গতকালও চরমভাবে ব্যর্থ হয়েছেন। খেলার ৩১ মিনিটের সময় এস্তেবান গ্র্যানারোর বাঁ পায়ের তীব্র শট মারসিয়ার গোলবারে লেগে ফিরে এলে রিয়ালের দুর্ভাগ্যের ইঙ্গিত মেলে। ম্যাচের শেষ অবধিও সেই দুর্ভাগ্যের আঁধার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়নি হোসে মারিনহোর রিয়াল মাদ্রিদ।