কিংস কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’র হাতছানি
ইউরোপিয়ান ফুটবলের এক মৌসুমে সাধারণত মাত্র দুইবারই বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াই প্রত্যক্ষ করার সৌভাগ্য হয় ফুটবলপ্রেমীদের। ছন্দময়, সুন্দর ফুটবলের সৌন্দর্যে মুগ্ধ হবার আকাঙ্ক্ষা নিয়ে এই দুইটি ম্যাচের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে ফুটবল বিশ্ব। এবার স্প্যানিশ লিগের সেই দুই ম্যাচের বাইরেও আরো দুইবার টের পাওয়া যেতে পারে ‘এল ক্লাসিকো’র উত্তাপ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাব মুখোমুখি হয়ে যেতে পারে কিংস কাপের ফাইনালে। গতকাল কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে সেই কাজটা অনেকখানিই এগিয়ে রেখেছেন মরিনহো-গার্দিওলার শিষ্যরা। গতবারের শিরোপাজয়ী সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনার ফাইনালটা অনেকখানি নিশ্চিতই বলা চলে। কারণ প্রথম লেগে মেসির জোড়া গোলের সুবাদে আলমেইরাকে তারা হারিয়েছে ৫-০ গোলে।লা লিগার শেষ ম্যাচে রিয়াল মালোর্কার বিপক্ষে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করে রিয়াল মাদ্রিদকে রক্ষা করেছিলেন করিম বেনজেমা। গতকালও রিয়ালের রক্ষাকর্তা এই ফরাসী স্ট্রাইকার। মরিনহোর আস্থা অর্জন করে মূল একাদশের জায়গাটা পাকাপোক্ত করার জন্য বেনজেমা যে আপ্রাণ চেষ্টা করছেন সেটা গতকাল বেশ ভালোমতো বোঝা গেছে। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় করেছেন এক দৃষ্টিনন্দন গোল। সেভিয়ার পেনাল্টি বক্সের বাইরে থেকে বল দখল করেছিলেন। তারপর অসাধারণ দক্ষতায় সেভিয়া ডিফেন্ডার জুলিয়েন এসকুডকে পাশ কাটিয়ে মাপা শটে বল পাঠিয়েছেন কাঙ্ক্ষিত ঠিকানায়।অন্যদিকে আরো একবার মেসি ম্যাজিকে আলমেইরাকে গোলবন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। ১৬ মিনিটের মধ্যেই আলমেইরার জালে তিনবার বল জড়িয়েছেন মেসি ও ভিয়া। ৯ ও ১৬ মিনিটে মেসি, ১১ মিনিটে ভিয়া। প্রথমার্ধের ৩১ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৪-০ তে নিয়ে গেছেন পেদ্রো। আর দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পঞ্চম গোলটি করেছেন সাইডু কেইটা।দ্বিতীয় লেগের খেলাটায় কোন অঘটন না ঘটলে ১৯৯০ সালের পর এবারই প্রথম কিংস কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।— রয়টার্স