কিংস কাপের শেষ আটে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে শেষ ১১টি ম্যাচে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে জয় তুলে এনেছিল বার্সেলোনা। কিন্তু গতকাল কিংস কাপে তাদের এই জয়যাত্রা রুখে দিয়েছে অ্যাথলেটিক বিলবাও। গত মাসে প্রথম লেগে বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এবার ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। তাতে অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি কাতালানদের। দুই লেগ মিলিয়ে পয়েন্ট সমান হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে তারা চলে গেছে কিংস কাপের শেষ আটে।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠেন মেসি, ভিয়া ও পেদ্রোরা। ৭৪ মিনিটের মাথায় গোল পেয়েও যান তাঁরা। কিন্তু গোলটা এঁদের কারও পা থেকে আসেনি। এসেছে বার্সা ডিফেন্ডার এরিক আবিদালের পা থেকে। ২০০৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম গোল। ১-০ গোলের জয় নিয়েই বার্সেলোনার মাঠ ছাড়াটা অনেকখানি নিশ্চিতই ছিল। কিন্তু ৮৫ মিনিটে খেলায় সমতা ফেরান বিলবাও স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে। শেষ আটে গেটাফে বা দ্বিতীয় বিভাগের দল রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। রয়টার্স।