কিংস কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম প্রধান আকর্ষণ স্প্যানিশ লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ; ‘এল ক্লাসিকো।’ মৌসুমে মাত্র দুবারই এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পান ফুটবলপ্রেমীরা। তবে এবারের মৌসুমে আরও দুবার এল ক্লাসিকোর উত্তেজনা টের পাওয়া যেতে পারে। কিংস কাপের ফাইনালেই হয়তো আবার মুখোমুখি হয়ে যেতে পারে রিয়াল-বার্সা। বার্সেলোনা আগেই পেয়ে গিয়েছিল সেমিফাইনালের টিকিট। গতকাল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পেয়ে রিয়াল মাদ্রিদও নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন দুই দলই সেমিফাইনালের বাধাটা টপকাতে পারলেই দীর্ঘদিন পর আবার কিংস কাপের ফাইনালে দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই ক্লাবের। শেষবার তারা কিংস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালে।অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলের জয় পাওয়ার পর সেমিফাইনালে যাওয়ার পথে অনেকখানিই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল দ্বিতীয় লেগে রোনালদোর একমাত্র জয়সূচক গোলের পর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে নির্বিঘ্নেই সেমিফাইনালে পৌঁছে গেছে মরিনহোর শিষ্যরা। প্রথমার্ধের ২৩ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করে রিয়ালকে জয় এনে দিয়েছেন রোনালদো।সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা সেমিফাইনালে লড়বে আলমেইরার বিপক্ষে। রয়টার্স।