বৃষ্টির শঙ্কা নিয়েই শুরু হয়েছিল চতুর্থ দিন। সকাল থেকেই আকাশ মেঘলা, দিনের প্রথম ওভার শেষেই লাইটমিটার বের করেছিলেন দুই আম্পায়ার। লাঞ্চ পর্যন্ত তবু মোটামুটি ভালোভাবেই খেলা হলো। কিন্তু হ্যারিকেন সান্দ্রার প্রভাবে লাঞ্চ থেকেই শুরু হলো ওয়েলিংটনের আকাশের অঝোর কান্না। সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শেষ বিকেলে খেলা হলো ৬ ওভার। এরপর আবার বৃষ্টি, দিনের খেলারও সমাপ্তি। হারিকেন সান্দ্রা যেন আশীর্বাদ হয়ে এল নিউজিল্যান্ডের জন্য। কাল সারা দিনে খেলা হয়েছে মাত্র ৩৫। কিউইরা অবশ্য লড়াইটাও খারাপ করেনি। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান পিটার ফুলটনকে দিনের চতুর্থ ওভারেই ফিরিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। কেন উইলিয়ামসন ও রস টেলর এরপর আর উইকেট হারাতে দেননি। তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের ভবিষ্যৎ আর সাবেক অধিনায়কের অবিচ্ছিন্ন জুটি ৮১ রানের। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আর ৪৯ রান, হাতে ৮ উইকেট। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সান্দ্রা আজ সারা দিনও সিক্ত করবে ওয়েলিংটনকে। আজও তাই খেলা হওয়ার সম্ভাবনা কম। ওয়েবসাইট।