কিউই পেসে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

৯৮টি উইকেট নিয়ে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেছিলেন টিম সাউদি। ১০০ উইকেটের মাইলফলক স্পর্শের জন্য প্রয়োজন মাত্র দুই উইকেট। প্রথম ইনিংসে যিনি চারটি উইকেট পেয়েছেন, তাঁর জন্য তো এই দুইটি উইকেট শিকার করার কাজটা কঠিন হওয়ার কথা না। সহজ কাজটা কঠিন করে দিচ্ছিলেন সতীর্থরাই। সহযোগী তিন বামহাতি পেসার যেভাবে একের পর এক উইকেট তুলে নিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল মাইলফলকটা স্পর্শের জন্য আরও কিছুদিন অপেক্ষাতেই থাকতে হবে সাউদিকে। কিন্তু অপেক্ষাটা যেন সহ্যই হচ্ছিল না এই ডানহাতি কিউই পেসারের। এক ওভারেই তিন উইকেট নিয়ে যেন সেটাই বোঝাতে চাইলেন তিনি। তাঁর শেষ আঘাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে। বড়সড় কোনো অঘটন না ঘটলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১২২ রান করতে কোনোই সমস্যা হওয়ার কথা না নিউজিল্যান্ডের।
সাউদির আগেই সফরকারীদের দিশেহারা করে দিয়েছিলেন নিউজিল্যান্ডের তিন বামহাতি পেসার ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও কোরে অ্যান্ডারসন। মাত্র ৯১ রানেই তাঁরা তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাতটি উইকেট। কিউই পেসারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি মাত্র ২৪ রানের। করেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে এসেছে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান।
১০ ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে চারটি উইকেট পেয়েছেন বোল্ট। দুইটি উইকেট গেছে ওয়াগনারের ঝুলিতে। অ্যান্ডারসন পেয়েছেন একটি উইকেট।
এর আগে আজ হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে রাজত্ব করেছেন সুনিল নারাইন ও রস টেলর। ক্যারিয়ারসেরা বোলিং করে ৯১ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন নারাইন। অন্যদিকে টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ফর্মে থাকা টেলর। তাঁর ১৩১ রানের ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে ৩৪৯ রানের সম্মানজনক সংগ্রহ গড়ে তুলতে পেরেছে নিউজিল্যান্ড। তার পরও প্রথম ইনিংসে ১৮ রানে পিছিয়েই ছিল স্বাগতিকরা।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের ফলে এখন জয়ই দেখছে ব্রেন্ডন ম্যাককালামের দল।