কিউই ব্যাটিংয়ের আরেকটি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসের ‘পাগলাটে একটি ঘণ্টার’ ধাক্কায় এখনো টালমাটাল। এর মধ্যেই নিউজিল্যান্ডের জন্য আরেকটি বড় ধাক্কা। ব্রুস মার্টিন চোট পাওয়ায় ‘এসওএস’ পাঠিয়ে উড়িয়ে আনা হয়েছিল ড্যানিয়েল ভেট্টোরিকে। তারুণ্যনির্ভর দলে অভিজ্ঞতার বড় এক ছাতা মনে করা হচ্ছিল সাবেক অধিনায়ককে। কিন্তু সেই ছাতার আশ্রয় হেডিংলিতে পাচ্ছে না নিউজিল্যান্ড। পুরোপুরি ফিট হতে না পারায় এখনই টেস্টে ফেরা হচ্ছে না ভেট্টোরির। এমনিতেই অসম শক্তির দুই দল। যেটির প্রতিফলন র্যাঙ্কিংয়েও (ইংল্যান্ড ২, নিউজিল্যান্ড ৮)। ভেট্টোরিকে না পাওয়া মাঠে নামার আগেই আরেকটা জায়গায় পিছিয়ে দিচ্ছে নিউজিল্যান্ডকে। মার্টিনের জায়গায় আজ একাদশে ঢুকছেন ডগ ব্রেসওয়েল, স্কোয়াডে আর কোনো স্পিনার না থাকায় বাধ্য হয়েই চার পেসার নিয়ে খেলতে হচ্ছে কিউইদের। কিন্তু সাম্প্রতিক অতীত বলছে, আকাশ খুব বেশি মেঘলা না থাকলে হেডিংলিতে একজন স্পিনার চাই-ই চাই। নিউজিল্যান্ডকে সেই কাজটা চালাতে হবে পার্টটাইমার কেন উইলিয়ামসনকে দিয়ে।ইংল্যান্ডের সেই ভাবনা নেই। পেসারদের অসাধারণ বোলিংয়ে লর্ডসে ৮ ওভারের বেশি বোলিং করতে হয়নি গ্রায়েম সোয়ানকে। কিন্তু সোয়ান বিশ্বসেরাদের একজন, সেটা নিয়ে তো আর সংশয় নেই। ইংলিশদের ভাবনা বরং ব্যাটিং নিয়ে। প্রথম টেস্টে সাউদি-বোল্টদের সুইংয়ে যথেষ্টই ভুগতে হয়েছে ইংলিশ টপ ও মিডল-অর্ডারকে। অভিজ্ঞ তিন ব্যাটসম্যান কুক-ট্রট-বেলের কাছ থেকে তাই বড় ইনিংস চাইবে ইংল্যান্ড। এবার কাউন্টি মৌসুমের প্রথম ম্যাচে ইয়র্কশায়ার এখানে ৯৬ রানে গুটিয়ে গেছে বটে, তবে এর পর থেকে ব্যাটসম্যানদের হয়েই কথা বলেছে এখানকার উইকেট। যদিও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে খামখেয়ালি উইকেট মনে করা হেডিংলির উইকেটকেই।ইংল্যান্ডের একাদশে পরিবর্তন আসছে না। নিউজিল্যান্ডের একাদশে আরেকটি পরিবর্তনও নিশ্চিত। চোটের কারণে থাকছেন না বিজে ওয়াটলিং। বাধ্য হয়েই তাই তিন বছর পর আবার কিপিং গ্লাভস পরতে হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামকে। পিঠের চোটের কারণে তিন বছর ধরে টেস্টে কিপিং করছিলেন না ম্যাককালাম। একাদশে ঢুকছেন মার্টিন গাপটিল। এটা একদিক থেকে শাপেবরও হতে পারে কিউইদের জন্য। ডার্বিশায়ারের হয়ে গত মৌসুমে কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে গাপটিলের, চোট পাওয়ার আগ পর্যন্ত ভালো ফর্মে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। গাপটিল আসায় ব্যাটিং-শক্তি খানিকটা হলেও বাড়ছে। যদিও সেটার প্রমাণ দিতে হবে মাঠেই। ২২ গজে কিউই ব্যাটসম্যানের সঙ্গে ইংলিশ পেসারদের লড়াইটাই তো গড়ে দেবে ম্যাচের ভাগ্য! এএফপি ও ক্রিকইনফো।