কিউই মেয়েদের টানা দ্বিতীয়
মেয়েদের আগের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার তারা ফাইনালে খেলেছে, ২০১২ সালে তৃতীয় আসরেও উঠেছিল সেমিফাইনালে। নিউজিল্যান্ডের মেয়েরা এবার যেন শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচানোর পণ করেই নেমেছে মাঠে। প্রথম ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু। কাল দ্বিতীয় ম্যাচেও কিউই নারী দল আয়ারল্যান্ডকে হারিয়েছে ৪২ রানে। নিউজিল্যান্ডের মেয়েরা ৩ উইকেটে করে ১৭১ রান। সুজি বেটস (৫১ বলে ৬৮) ও ফ্রান্সেস ম্যাকাইয়ের (৪৯ বলে ৫১) উদ্বোধনী জুটিতেই আসে ১১৬ রান। জবাবে আয়ারল্যান্ড ৫ উইকেটে করতে পারে ১২৯ রান। আইরিশদের পক্ষে দুই যজম বোন সিসিলিয়া জয়েস অপরাজিত ৩৯ ও ইসোবেল জয়েস করেছেন ২৪ রান। এ ছাড়া শিলিংটন করেছেন ২৮ রান। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বোলিংয়েও ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা বেটস।
অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ৯ উইকেটে ১১৫ রান। সর্বোচ্চ ৩০ রান করেন তৃষা চেট্টি। অস্ট্রেলিয়াও ৫৬ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে এলিস পেরি ও জেস ক্যামেরনের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে ৮ বল বাকি থাকতেই। ২৯ বলে অপরাজিত ৪১ রান করে ম্যাচসেরা পেরি। ইএসপিএনক্রিকইনফো।