জাতীয় দলে অনেক দিনই ছিলেন ব্রাত্য। অনেক নাটকের পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আবারও সেই রুদ্রমূর্তিতে ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে কিংস্টনে প্রথম ওয়ানডেতে গেইলের বিস্ফোরক ব্যাটিং ক্যারিবীয়দের জিতিয়েছে ৯ উইকেটে।মূল কৃতিত্ব অবশ্য বোলারদের, টসে জিতে অধিনায়ক ড্যারেন স্যামির ফিল্ডিং করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে মোটেই দেরি করেননি তাঁরা। এমনিতেই চোট-সমস্যায় জর্জর খর্বশক্তির দল নিউজিল্যান্ড, বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। ব্রায়ান ওয়াটলিংয়ের প্রতিরোধে খানিকটা ভদ্রস্থ চেহারা নেয় কিউই স্কোরকার্ড। ওয়াটলিং করেন ৬০ রান। এ ছাড়া বলার মতো রান করতে পেরেছেন কেবল অধিনায়ক কেন উইলিয়ামসন ও জ্যাকব ওরাম। আন্দ্রে রাসেলই কিউইদের মূল হন্তারক, ৪ উইকেট নিয়ে এই পেসারই নিউজিল্যান্ডের টপঅর্ডার গুঁড়িয়ে দেন। রামপল ও ‘ রহস্যময় বোলার’ নারাইনও দিয়েছেন যোগ্য সাহচর্য। এমনিতেই মামুলি টার্গেট, বৃষ্টিতে লক্ষ্যটা পুনর্নির্ধারিত হয় ৩৩ ওভারে ১৩৬ রানে। পুরো ওভারও খেলতে হয়নি তাঁদের, মাত্র ২৪ ওভার ২ বলেই গেইল-স্মিথরা খেলাটা শেষ করে দেন। গেইল তাঁর ৫৭ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসে মেরেছেন পাঁচটি ছক্কা। ডোয়াইন স্মিথও কম যাননি, ৫৪ রানের ইনিংসে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। বোলিংয়ে ৪ উইকেট নেওয়া পেসার আন্দ্রে রাসেলই ম্যান অব দ্য ম্যাচ। আজ সেন্ট কিটসে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ওয়েবসাইট।নিউজিল্যান্ড: ৫০ ওভারে ১৯০/৯ (নিকোল ১৪, গাপটিল ১, ফ্লিন ১২, উইলিয়ামসন ২৪, ব্রাউনলি ১, ওয়াটলিং ৬০, ওরাম ৩২, এলিস ১৪, মিলস ১ , সাউদি ৯*,নেথুলা ৯*; রামপল ৪২/২, রাসেল ৪৫/৪, নারাইন ২৬/২, ব্রাভো ৩২/০, স্যামুয়েলস ২০/০, স্যামি ২৩/১)ওয়েস্ট ইন্ডিজ: ২৪.২ ওভারে ১৩৬/১ (সিমন্স ০, গেইল ৬৩*, স্মিথ ৬৫*; মিলস ৭/১, সাউদি ৩৭/০, ওরাম ৩৭/০, নিকোল ২০/০, নেথুলা ২৭/০, গাপটিল ২/০)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)