কিউইদের ডাচ-সতর্কতা

চাইলে ব্রেন্ডন ম্যাককালাম উড়িয়ে দিতে পারতেন প্রশ্নটা। হল্যান্ড এমন কী দল যে তাদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে! এই তো সেদিন ওরা শ্রীলঙ্কার কাছে মাত্র ৩৯ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টির নতুন রেকর্ড গড়েছে। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়ক উপেক্ষা করেননি।
করেননি কারণ ৩৯ রানে অলআউট হওয়ার আগের ম্যাচে হল্যান্ড আইরিশদের করা ১৮৯ রান টপকেছে ১৪ ওভারের মধ্যে! ওই লজ্জা ভুলে পরের ম্যাচেই আবার কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পারফরম্যান্সের গ্রাফ এত ওঠানামা করছে বলেই আজ হল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ম্যাককালামও সতর্ক, ‘ওদের হারের ভয় নেই একটুও। হয় ওরা সর্বস্ব দিয়ে আপনাকে চেপে ধরবে নইলে কিছুই করতে পারবে না। এভাবে খেলতে সাহস লাগে এবং এভাবে খেলছে বলেই প্রতিপক্ষ হিসেবে হল্যান্ড বেশি ভয়ংকর।’
অন্য সময় হলে হয়তো হল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় ধরেই টুর্নামেন্টের বাকি হিসাব-নিকাশ করত গ্রুপের দলগুলো। কিন্তু হল্যান্ডের খেলার ধরনের কারণে এখন শুধু ম্যাককালাম নন, তাঁদের নিয়ে সতর্ক বাকি সবাই। ডাচ অধিনায়ক পিটার বোরেনের কথা শুনলে আরও সতর্কই হতে হয়, ‘আমরা এই টুর্নামেন্টে একটি-দুটি জয় অথবা অঘটন ঘটাতে এসেছি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুযোগ পেয়েও পারিনি। আরও দুটি ম্যাচ বাকি আছে, আশা করছি সেটা করতে পারব।’
নিউজিল্যান্ড কি আজ সেই সুযোগ দেবে ডাচদের?
তাঁরা দুজন
ব্রেন্ডন ম্যাককালাম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক, দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা ও সবচেয়ে বেশি চারও ম্যাককালামের। অথচ সেই ম্যাককালামেরই কিনা প্রথম দুই ম্যাচ মিলিয়ে রান মাত্র ২০! ফর্মে ফেরার জন্য হল্যান্ডের চেয়ে ভালো প্রতিপক্ষ আর কে হতে পারে!
আহসান মালিক
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট আহসান মালিকের! প্রথম পর্বে তিনটি ম্যাচ বেশি খেলায় একটা বাড়তি সুবিধা পেয়েছেন সত্য। তবে বড় ম্যাচেও যে জ্বলে ওঠার ক্ষমতা আছে, প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেট নিয়েই প্রমাণ করেছেন। ডাচ পেসারকে নিয়ে আজ তাই বাড়তি সতর্ক থাকতে হবে কিউইদেরও।