কিউইদের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করে নতুনভাবে নিজেকে চেনানোর পর কাল প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছিলেন কোরি অ্যান্ডারসন। তাঁর ব্যাটে যাঁরা ঝড়ের আশা করেছিলেন, তাঁদের হতাশ করে শূন্য রানে আউট হয়েছেন কিউই এই ব্যাটসম্যান। তবে হতাশ নন নিউজিল্যান্ড সমর্থকেরা। দর্শকেরা ঝড় দেখেছেন ম্যাককালাম-লুক রনকির ব্যাটে। ৪৩ বলে তাঁদের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিই প্রথম টি-টোয়েন্টিতে ৮১ রানে জিতিয়েছে নিউজিল্যান্ডকে।

 অকল্যান্ডে টস জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ১০৪ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে দলকে বিপর্যয়ের মধ্যে পড়তে দেননি ম্যাককালাম-রনকি। ৪৫ বলে ২টি চার ও ৪টি ছয়ে অপরাজিত ৬০ রান করেন ম্যাককালাম। তিনটি চার ও ৪টি ছয়ে ২৫ বলে অপরাজিত ৪৮ করেন রনকি। স্ট্রাইক রেট ১৯২.০০! তাঁদের ৮৫ রানের জুটিতেই নিউজিল্যান্ড ৫ উইকেটে তোলে ১৮৯।

ব্যাটিংয়ে ম্যাককালাম-রনকির পর বোলিংয়ে কাজটা সেরেছেন নাথান ম্যাককালাম (৪/২৪) ও জেমস নিশাম (৩/১৬)। ৬৪ রানেই ৫ উইকেট খুইয়ে পথ হারিয়ে ফেলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচ ১৫ জানুয়ারি ওয়েলিংটনে। ওয়েবসাইট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮৯/৫ (ম্যাককালাম ৬০*, রনকি ৪৮*, গাপটিল ২৫; বেস্ট ৩/৪০, মিলার ২/২৬)।

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১০৮/৮ (ফ্লেচার ২৩, চার্লস ১৬, মিলার ১৫*; নাথান ম্যাককালাম ৪/২৪, নিশাম ৩/১৬)।

ফল: নিউজিল্যান্ড ৮১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লুক রনকি।