কিউইদের মাথা হেঁট যাঁর সামনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ব্যাট করে নিউজিল্যান্ডের মাথা নত কর দিয়েছেন মমিনুল। নিছক কথার কথা নয়, কিউই উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটন নিজেই মনে করেন এমনটা। ছবি: প্রথম আলো
দুর্দান্ত ব্যাট করে নিউজিল্যান্ডের মাথা নত কর দিয়েছেন মমিনুল। নিছক কথার কথা নয়, কিউই উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটন নিজেই মনে করেন এমনটা। ছবি: প্রথম আলো

লিডটা বেশ ভালোই ছিল নিউজিল্যান্ডের। ১৫৫ রান পেছনে থেকে বাংলাদেশ যখন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করল, তখন ইনিংস হারের শঙ্কাও উঁকি-ঝুঁকি দিচ্ছিল ক্রিকেটবোদ্ধাদের মনে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে সব সময়ই নড়বড়ে। ইনিংস শুরু করে মাত্র ১৬ রানের মধ্যে এনামুল হক আর মার্শাল আইয়ুব ফিরে গেলে শঙ্কা তখন আর শঙ্কা নেই, বিপর্যয়টা চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন সবাই।
উইকেটে তখনো তামিম ছিলেন। কিন্তু তাঁকে ছাপিয়ে দেশকে নির্ভরতা দিলেন এক বামহাতি। সাগরপাড়ের শহর কক্সবাজার থেকে উঠে আসা এক খুদে-বিস্ময়। দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রাখা তামিমকে তিনি করে দিলেন নির্ভার। অসম্ভব নির্লিপ্ত থেকে ব্যাট থেকে বের করতে লাগলেন একের পর এক শট। দিন শেষে করে ফেললেন দারুণ এক সেঞ্চুরি। মমিনুল হকের ইনিংসটিকে বর্ণনা করতে কবি লিখে ফেলতে পারেন অনেক কবিতা। গদ্যকার ব্যয় করতে পারেন অনেক কাগজ। কিন্তু মমিনুলকে বোধ হয় দারুণভাবে চেনা গেল প্রতিপক্ষের চোখেই। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পিটার ফুলটনও বলে দিলেন তাঁকে ঘিরে যে পরিকল্পনা কিউইরা হাতে নিয়েছিল তার প্রায় সবকিছুই ব্যর্থ করে দিয়েছেন তিনি। ফুলটনের কণ্ঠে তাই মমিনুলের দ্ব্যর্থহীন প্রশংসা, ‘অসম্ভব সুন্দর ইনিংস খেলেছে ও।’ পেশাদারি ফুলটন হয়তো মমিনুলের প্রশংসা করতে গিয়ে বেশি বাক্য ব্যয় করলেন না। কিন্তু উত্তর দেওয়ার সময় তাঁর অভিব্যক্তিতেই ফুটে উঠল সবটুকু মুগ্ধতা।
এর পরই প্রকাশ করলেন মমিনুলকে নিয়ে তাঁদের পরিকল্পনাটি, ‘এখনো পর্যন্ত সে দারুণ খেলছে। চট্টগ্রামের টেস্টটির পরপরই আমরা ওকে নিয়ে নিজেদের মধ্যে পরিকল্পনা করেছি। আমরা তাঁকে সোজাসুজি বল করতে চেয়েছি। অফস্টাম্পের বাইরে বল করে ওকে ঝামেলায় ফেলতে চেয়েছি। কিন্তু সে আজ খুবই ধৈর্যশীল ইনিংস খেলেছে। যখনই একটা বল খারাপ হয়েছে, সে শট খেলেছে। মাঝেমধ্যে এমন ইনিংসের প্রতি আপনার মাথা আপনা থেকেই নত হয়ে আসবে।’
এরপর মমিনুলের ইনিংসটি নিয়ে আর কী-ইবা বলার থাকতে পারে!