কিউইদের সবাই প্রস্তুত
চার ম্যাচে চার জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। চারটি ম্যাচেই একই একাদশ নামিয়েছে কিউইরা। দলের বাইরে রয়েছেন পেসার মিচেল ম্যাকলেনাহান ও কাইল মিলস, স্পিনার নাথান ম্যাককালাম আর উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম। নকআউট পর্বের আগে তাঁদের ঝালিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানের সঙ্গে ৮ মার্চের ম্যাচে। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম চোট কাটিয়ে উঠেছেন। জ্বর থেকে সেরে উঠেছেন টিম সাউদিও। সুযোগের জন্য অপেক্ষাটা তাই লম্বাই হচ্ছে একাদশের বাইরে থাকা চারজনের। প্রায় এক মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তারা, একটু মরচে কি পড়েছে তাঁদের ব্যাটিং-বোলিংয়ে?
টিম সাউদি সেটি মানেন না। বলছেন চাঙাই আছেন তাঁর সতীর্থরা, ‘তারা অসাধারণ। তারা কঠোর পরিশ্রম করছে, নেটে অসাধারণ বোলিং করছে। তাদের কাছ থেকে দলের অনেক কিছুই পাওয়ার আছে।’ দলের জন্য সেরাটা দিতেও সবাই উন্মুখ বলে মনে করেন বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি, ‘পর্দার পেছনে তারা সবাই কঠোর পরিশ্রমী। সবাই সুযোগের অপেক্ষা করছে, যখন মিলবে, তারা দুহাতে লুফে নেবে। হোক না কোয়ার্টার বা সেমিফাইনাল, আমরা জানি তারা প্রস্তুত।’ রয়টার্স।