
চকচকে রোদ, ঝকঝকে আকাশ। পেঁজা তুলার মতো ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা মেঘ। আগের রাতের বজ্রবিদ্যুৎ আর মুষলধারে বৃষ্টি যেন কোনো সুদূরের ঘটনা! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল তবু ক্ষণিকের জন্য ফিরে এল বজ্রবিদ্যুৎ। সৌজন্য—ইংলিশ সংবাদমাধ্যম!
আগের রাতে নিউজিল্যান্ডের কাছে হারার পর বিতর্ক আর আলোচনার খোরাক জুগিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। বজ্রবিদ্যুৎ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ না করায় ইংলিশ অধিনায়ক শূলে চড়িয়েছিলেন আম্পায়ারদের। আজ খেলা না থাকায় কালকের দিনটা বিশ্রামে কাটিয়েছে ইংল্যান্ড দল। কিন্তু ইংলিশ সংবাদমাধ্যম তো ছিল! দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন কেন উইলিয়ামসন। ইংলিশ সাংবাদিকেরা ফিরে গেলেন আগের রাতে। সেই আম্পায়ারদের নিয়ে আলোচনা! উইলিয়ামসন অবশ্য সামলেছেন দারুণভাবেই।
একদিক থেকে ভাবলে অবশ্য আগের রাতে ফিরে যেতে চাইবেন উইলিয়ামসনরাও। যেভাবে হোক, ম্যাচটি তো জিতেছে নিউজিল্যান্ড! আজ আরেকটি জয়ে কিউইরা এক পা দিয়ে ফেলতে পারে শেষ চারে। হল্যান্ডের বিপক্ষে জয়টাকে তো নিশ্চিতই ধরে রাখা যায়!
উল্টো প্রান্তে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড যেমন জিতেছে কাছে না গিয়েই, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরেছে খুব কাছে গিয়ে। পরশুর ম্যাচ শেষেই তাই জেপি ডুমিনি বলে দিয়েছেন, ‘বাকি তিনটি ম্যাচই আমাদের জন্য নকআউট ম্যাচ। প্রতিটিতেই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে ওই হার থেকেও অবশ্য প্রাপ্তির রসদ খুঁজে নিয়েছেন ডুমিনিরা। আমলা-ডি ভিলিয়ার্স-মিলাররা রান পাননি, ডেল স্টেইনই সেরা চেহারায় ছিলেন না। তার পরও গ্রুপ ফেবারিটদের বিপক্ষে অমন লড়িয়ে হার আজকের ম্যাচের আগে আত্মবিশ্বাসী করছে প্রোটিয়াদের।
এই দুই দেশের তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস যা আছে তা রাগবিতে। দুই দেশেই দারুণ জনপ্রিয় রাগবিতে তারা প্রবল প্রতিপক্ষ। সেই ঝাঁজ নেই ক্রিকেটে। ব্রেন্ডন ম্যাককালামের ডেপুটি উইলিয়ামসনের কণ্ঠে বরং প্রচণ্ড সমীহ, ‘প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ভীষণ শ্রদ্ধা করি আমরা। যেকোনো সংস্করণে যেকোনো জায়গায় ওদের হারানো কঠিন। এখানেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’
সমীহের কারণটা বোঝা যাবে পরিসংখ্যানে তাকালেই। টি-টোয়েন্টিতে ১১ সাক্ষাতে আটবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা! সাম্প্রতিক ফর্ম আর বাস্তবতায় খানিকটা এগিয়ে রাখতে হচ্ছে বরং নিউজিল্যান্ডকেই। তবে ইতিহাস, রেকর্ড, সামর্থ্য বা শ্রদ্ধার কী মূল্য থাকে মাঠে নামার পর! চৌকস দুই দলের রোমাঞ্চকর এক লড়াই দেখার প্রস্তুতি তাই নিয়ে রাখতে পারেন।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
মোট নিউজিল্যান্ড দ. আফ্রিকা
মোট ১১ ৩ ৮
বিশ্বকাপে ৩ ০ ৩