কিউইদের স্বপ্নের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শুরু বাংলাদেশ সময় রাত তিনটায়। তখন টিভির সামনে পাওয়া যাবে কত জনকে! ইন্টারনেট আর স্কোরকার্ডই তাই ভরসা। সেই স্কোরকার্ড দেখে চোখ কপালে উঠবে নিশ্চিত সবার। রানসংখ্যা ঠিকই আছে, কিন্তু পাশে দল দুটোর নাম উল্টে যায়নি তো!একদল ১৬৭ রানে অলআউট, দিন শেষে আরেক দল বিনা উইকেটে ১৩১। সিরিজের আবহে এমন কিছুরই ইঙ্গিত ছিল। টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের সঙ্গে আট নম্বরের লড়াই। শক্তি-সামর্থ্যে আদতে ব্যবধানটা র‌্যাঙ্কিং টেবিলের চেয়ে অনেক বেশি। লড়াইটা একতরফা হওয়ারই কথা ছিল। কালকের দিনটায় হলোও তা-ই। কিন্তু বিস্ময়করভাবে উল্টো চেহারায় দুই দল। প্রবল পরাক্রমশালী ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে নিউজিল্যান্ড চলে এসেছে সেই রানের কাছাকাছি। ইংলিশদের টপকাতে কিউইদের চাই আর ৩৭ রান, অক্ষত সব উইকেট! কিউই পেসার নিল ওয়াগনার দিন শেষে বললেন, ‘স্বপ্নের দিন।’ সত্যিই এমন স্বপ্নমাখা দিনের দেখা অনেক দিন পায় না নিউজিল্যান্ড, তেমনই এমন বাজে দিন নিকট অতীতে আর আসেনি ইংল্যান্ডের। বৃষ্টির পেটে গিয়েছিল প্রথম দিন। কাল ঝকঝকে রোদে খেলা শুরু হলো আধঘণ্টা আগে। ইউনিভার্সিটি ওভালের উইকেট আর মাঠকে এমনিতে প্রায়ই আলাদা করা যায় না। কিন্তু এবার উইকেট ভিন্ন চেহারায়। রং বাদামি, চরিত্রে খানিকটা মন্থর, যথেষ্টই ব্যাটিংবান্ধব। এই উইকেটেই ইংলিশদের ধ্বংস করলেন ওয়াগনার আর মার্টিন। মার্টিন শুনে ন্যাড়া মাথার অভিজ্ঞ পেসারকে ভাববেন না। ক্রিস মার্টিন নয়, কাল ইংলিশ ধ্বংসযজ্ঞের অন্যতম নায়ক অভিষিক্ত বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন। সেই ২০০০ সালে একবার দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ড্যানিয়েল ভেট্টোরিকে টপকে আর একাদশে জায়গা হয়নি। পরের ১৩ বছরের গল্পটাও প্রায় একই, ভেট্টোরি নামক মহাতারকার আলোয় ম্লান হয়ে গেছে মার্টিনের উজ্জ্বল প্রথম শ্রেণীর রেকর্ড। এই ৩২ বছর বয়সে অবশেষে টেস্ট ক্যাপ পেলেন। হারানো সময়টা পুষিয়ে দেওয়ার মিশন শুরু করলেন যেন প্রথম টেস্ট থেকেই। ‘দক্ষিণ আফ্রিকান আমদানি’ বাঁহাতি পেসার নিল ওয়াগনার বিধ্বস্ত করেছেন ইংলিশ টপ ও মিডল-অর্ডার, মার্টিন মুড়ে দিয়েছেন লোয়ার-মিডল ও লোয়ার-অর্ডার। দুজনেরই উইকেট ৪টি করে। সাতজন দুই অঙ্ক ছুঁলেও পঞ্চাশ ছুঁতে পারেননি ইংল্যান্ডের কেউ। তিন ঘণ্টা লড়ে জোনাথন ট্রটের ৪৫-ই দলের সর্বোচ্চ। নবম উইকেটে দুই পেসার ফিন ও অ্যান্ডারসনের ৪৭ রানের জুটিই দলের সর্বোচ্চ! উইকেটে যে কোনো জুজু ছিল না, সেটা পরে আরও ভালোভাবে প্রমাণ করল নিউজিল্যান্ডের নতুন ওপেনিং জুটি। একজনের অভিষেক, আরেকজন গোধূলিবেলায় চেষ্টা করছেন আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবনের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১৩১ রানের। ফিফটির কাছাকাছি ৩৪ বছর বয়সী পিটার ফুলটন, আর ২৩ বছর বয়সী হামিশ রাদারফোর্ড আজ নামবেন অভিষেক সেঞ্চুরির স্বপ্ন চোখে এঁকে। রাদারফোর্ড জুনিয়রের স্বপ্নপূরণ হয়েছে কি না, এই লেখা পড়ার সময় অবশ্য জেনে যাওয়ার কথা অনেকেরই! ওয়েবসাইট।