কিউইদের ‘অভাবনীয়’ ইতিহাস
দুই টেস্টে খেলা হয়েছে সব মিলিয়ে ছয় দিনের কাছাকাছি। দুটিতেই ইনিংস ব্যবধানে হার, ৪৫ রানে গুটিয়ে লজ্জার চূড়ান্ত। কে ভাবতে পেরেছিল, সেই দলটাই জিতে নেবে ওয়ানডে সিরিজ! অভাবনীয় ব্যাপারটিই ঘটিয়ে ফেলেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। প্রথম দুই ম্যাচই জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে! গড়ে ফেলেছে ইতিহাসও। যেকোনো সংস্করণেই এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড।প্রথম ওয়ানডেতে ১ উইকেটের দারুণ এক জয়ের পর পরশু নিউজিল্যান্ড জিতেছে ২৭ রানে। ম্যাককালামের আবেগ যেন বাঁধ মানতে চাইছিল না, ‘এই জয় অভাবনীয়, বিশ্বের নয় নম্বর দল হারিয়ে দিয়েছে এক নম্বর দলকে! সীমিত ওভারের ক্রিকেটে আমাদের সেরা অর্জনগুলোর একটি হয়ে থাকবে এই সিরিজ জয়। যে লড়াকু মনোভাব, হার না-মানা চরিত্রের প্রমাণ আমরা রেখেছি, ছেলেদের নিয়ে আমি গর্বিত।’হার না-মানা মানসিকতাই আসলে সিরিজ জিতিয়েছে কিউইদের। আগের ম্যাচে হারের দ্বারপ্রান্ত থেকে জয় ছিনিয়ে এনেছিল জেমস ফ্রাঙ্কলিনের দারুণ এক ইনিংস, পরশু অসাধারণ ফিল্ডিং। কেন উইলিয়ামসনের দুর্দান্ত এক ইনিংস (১৩৬ বলে ১৪৫*) নিউজিল্যান্ডকে এনে দিয়েছিল ২৭৯ রানের বেশ বড় পুঁজি। কিন্তু এই রান অনায়াসেই তাড়া করার পথে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে গ্রায়েম স্মিথ ও কলিন ইনগ্রামের শতরানের জুটিতে একপর্যায়ে রান ছিল ১ উইকেটে ১৬৭। স্মিথের রানআউটে ভাঙল ১২৯ রানের জুটি, শুরু হলো মড়কও। পাঁচটি রানআউটে বিশ্বরেকর্ড ছুঁয়েছে প্রোটিয়ারা। আর নিউজিল্যান্ড করল জয়োৎসব।ডি ভিলিয়ার্স-আমলা-ডুমিনিরা নেই বলে অনেকে খাটো করতে পারেন জয়টাকে। তবে ম্যাককালাম মনে করিয়ে দিয়েছেন, ‘আমরাও টেলর, রাইডার, ভেট্টোরি, মিলনে, সাউদিকে ছাড়া খেলেছি। এটাই অন্যদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রমাণ করার। নতুনদের সেই চ্যালেঞ্জটা নিতে দেখে দারুণ লেগেছে। সবাই ফিরলে দলটা আরও শক্তিশালী হবে।’ ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭৯/৮ (গাপটিল ০, ওয়াটলিং ১২, উইলিয়ামসন ১৪৫*, এলিয়ট ৪৮, ব্রেন্ডন ম্যাককালাম ১৭, মানরো ৯, ফ্রাঙ্কলিন ০, নিশাম ৫, নাথান ম্যাককালাম ১৯, মিলস ১৫*, ক্লেইনভেল্ট ২/৪৫, সতসোবে ২/৩৮, মরকেল ৩/৭১, ম্যাকলারেন ০/৫৭, পিটারসন ০/৪৫, ডু প্লেসিস ০/১৯); দক্ষিণ আফ্রিকা: ৪৯.১ ওভারে ২৫২ (ডি কক ২৫, স্মিথ ৬৬, ইনগ্রাম ৭৯, ডু প্লেসিস ২, বেহারডিয়েন ৩১, মিলার ১৪, ম্যাকলারেন ২, ক্লেইনভেল্ট ০, পিটারসন ০, মরকেল ১৯*, সতসোবে ৯, মিলস ২/২৮, ম্যাকক্লিনাঘান ০/৫১, নাথান ১/৫৬, উইলিয়ামসন ০/২২, ফ্রাঙ্কলিন ১/৫২, নিশাম ১/২০, এলিয়ট ০/২৩)।ফল: নিউজিল্যান্ড ২৭ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন