কিউইদের 'কিছু একটা' পাওয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি সাংবাদিকদের জন্য বরাবরই অপার বিস্ময় হয়ে আসে বাংলাদেশের প্রেসবক্স। বাংলাদেশের সাংবাদিকদের অনেকে এখানে পেশাদারির দায় বেমালুম ভুলে গিয়ে হয়ে ওঠেন নির্ভেজাল সমর্থক। বাংলাদেশের ব্যাটসম্যানদের চার-ছয়ে বা বোলারদের উইকেটে তালির মহড়ায় প্রেসবক্সকে বানিয়ে ছাড়েন গ্যালারি।
ব্যতিক্রম ছিল না কালও। তবে এই পরিচিত ছবির সঙ্গে ছিল একটা উল্টো দৃশ্যও। ম্যাচের শেষ দিকে নিউজিল্যান্ডের মিডিয়া ম্যানেজার রিচার্ড আরভিনও যেন এই ‘ছোঁয়াচে’ রোগে আক্রান্ত। বাংলাদেশের উইকেট পড়ল, হাততালি দিয়ে উঠলেন। সাউদি সহজ ক্যাচ ফেলে দিলেন, হতাশ ভঙ্গিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। এই সফরে নিউজিল্যান্ড দলের প্রতীকী ছবি হয়ে যাচ্ছিল একেকটা ফ্রেম। ফুটে উঠছিল একটা জয়ের জন্য হাপিত্যেশ করে মরার চিত্রটা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক কাইল মিলসের কণ্ঠেও তাই সফর থেকে অন্তত কিছু একটা পাওয়ার স্বস্তি, ‘ওয়ানডে সিরিজে ৩-০তে হারার পর আমরা বেশ দ্রুতই ঘুরে দাঁড়িয়েছি। ঘুরে দাঁড়াতে আমাদের হতোই। আর ভুলে যাবেন না, টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখাতেও আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজ আমাদের আত্মবিশ্বাসও ছিল যে আমরা পারব। আগের ম্যাচগুলোয় দেখা গেছে আমাদের দু-একজন পারফর্ম করেছে, কিন্তু আজ চার-পাঁচজন দাঁড়িয়ে গেছে। এ জন্যই জয় ধরা দিয়েছে।’
সেই জয়, বাংলাদেশে পা রাখার পর থেকেই যেটি সোনার হরিণ হয়েছিল কিউইদের কাছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছে। তাতেও নৈতিক জয়টা ছিল বাংলাদেশের। মুখে টেস্ট সিরিজের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করলেও ব্রেন্ডন ম্যাককালামের মনের গহিনে সেটি জ্বালা না ধরিয়ে পারেই না। বাংলাদেশে পা রাখার পর থেকেই মনে করিয়ে দেওয়া হচ্ছিল তিন বছর আগের সেই ‘বাংলাওয়াশ’-এর কথা। কখনো সেটিকে অতীত বলে, কখনো বা এড়িয়ে গিয়ে প্রশ্নটা সামলেছেন কিউইরা। প্রতিশোধের আগুনটা নিশ্চয়ই আরও বেশি দাউ দাউ করে জ্বলেছে মনে। সেই আগুনে নিজেরাই পুড়ে খাক হয়ে আবারও ‘বাংলাওয়াশ’। সফর শেষের টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল দুঃস্বপ্নের সফর থেকে কিছু একটা পাওয়ার শেষ সুযোগ। কালকের জয় সেই ‘কিছু একটা’।
সফরের প্রথম ও একমাত্র জয়ের পথে নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে যায় আসলে প্রথম ইনিংস শেষেই। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ভাষাটা এখনো ঠিকমতো পড়তে না পারা বাংলাদেশের জন্য ২০৪ রান তাড়া করা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। প্রথম ইনিংস শেষেই তাই জয়ের সুবাসটা পেয়ে গিয়েছিলেন মিলস, ‘প্রথম ইনিংস শেষে আমি মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা পারব। প্রয়োজন ছিল স্রেফ জায়গামতো বল রাখা ও শুরুতে কিছু ্উইকেট নেওয়া। আমাদের বোলিংয়ের সময়ও কখনো আমি বিশ্বাস হারাইনি। বাংলাদেশ পুরো সিরিজের মতোই আমাদের যথেষ্ট বেগ দিয়েছে। কিন্তু আমরা কখনোই ওদের বড় জুটি গড়তে দিইনি, নিয়মিত উইকেট নিয়েছি। তাই কখনোই মনে হয়নি ম্যাচটি হারতে পারি।’
নিউজিল্যান্ড হারেওনি। শেষটা জয় দিয়ে হলেও ২০১০ সিরিজের মতো এবারের বাংলাদেশ সফরটিও ভুলে যেতে চাইবে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের পিছু ছাড়ছে না! শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ঢাকা থেকেই কলম্বোর বিমানে চাপবেন মিলসরা। বাংলাদেশ তাদের তাড়া করবে শ্রীলঙ্কায়ও। শ্রীলঙ্কাতেও ওয়ানডে সিরিজে একই পরিণতি হলে যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে পড়ে যাবে নিউজিল্যান্ড!